কোম্পানীগঞ্জে হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু
নিহতের বড় ছেলে ইব্রাহীম তোতার অভিযোগ, মঙ্গলবার রাতে পূর্ব শক্রতার জেরে উপজেলার চরএলাহী বাজারে তার বাবার ওপর হামলা করে প্রতিপক্ষের লোকজন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতার ওপর হামলার তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
অবশ্য তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, প্রতিপক্ষের রাজনৈতিক নেতাকর্মীরা মঙ্গলবার তাকে কুপিয়ে জখম করেছিলেন, সেই কারণে তার মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মতিনের মৃত্যু হয় বলে তথ্য দিয়েছেন তার জামাতা মো. মিজানুর রহমান।
নিহতের বড় ছেলে ইব্রাহীম তোতার অভিযোগ, মঙ্গলবার রাতে পূর্ব শক্রতার জেরে উপজেলার চরএলাহী বাজারে তার বাবার ওপর হামলা করে প্রতিপক্ষের লোকজন।
তিনি আরও অভিযোগ এনেছেন, মঙ্গলবার তার বাবা চরএলাহী বাজারে ব্যক্তিগত অফিসে বসে ছিলেন। এ সময় চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের নেতৃত্বে তার বাবার অফিসে হামলা হয়।
এক পর্যায়ে হামলাকারীরা তার বাবাকে মাথায় কুপিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ এনে ইব্রাহীম বলেছেন, ৪০-৫০ হামলাকারী আগ্নেয়াস্ত্র হাতে তার ভগ্নিপতি মিজানের দোকানেও হামলা চালায়।
আব্দুল মতিনের জামাতা মিজানের অভিযোগ, ঘটনার সময় রাতে চরএলাহী বাজারে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মেম্বারের নেতৃত্বে এলাকায় ত্রাণ বিতরণ উপলক্ষে আনন্দ মিছিল করে। মিছিল শেষে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালামসহ বেলাল, খোকা, রিপন, এমরান, মামুন, হিরন, আলমগীর আগ্নেয়াস্ত্র হাতে তার শ্বশুরের অফিসে ঢুকে তার মাথায় কোপায়।
এতে তার শ্বশুর গুরুতর আহত হলে তাকে ঢাকার ধানমন্ডিতে পপুলার হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়েছে।
আব্দুল মতিনের পরিবার যাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তাদের মোবাইল ফোনে কল করেও কোনো সাড়া মেলেনি।
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রণব চৌধুরী বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
