রাজবাড়ীতে ‘চোর সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
ওসি জানান, রাজাপুর গ্রামের সামসুদ্দিন বিশ্বাসের বাড়ি থেকে দুইদিন আগে পানির মোটর চুরি হয়।
রাজবাড়ীতে ‘চোর সন্দেহে’ এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে রাজবাড়ী থানার ওসি মাহমুদুর রহমান জানান।
নিহত রূপল শেখ (২৭) ওই গ্রামের জিন্নাত শেখের ছেলে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. জহিরুদ্দিন বিশ্বাস (৬৫), মো. মৈজদ্দি বিশ্বাস (৫৫), মো. ফরহাদ বিশ্বাস (৪৫), মো. মুন্নু মোল্লা (৫০)। এরা সবাই রাজাপুর গ্রামের বাসিন্দা।
মামলার বরাতে ওসি জানান, রাজাপুর গ্রামের সামসুদ্দিন বিশ্বাসের বাড়ি থেকে দুইদিন আগে পানির মোটর চুরি হয়। সামসুদ্দিনের বাড়ির লোকজন রূপল শেখকে চোর সন্দেহ করে।
শুক্রবার সন্ধ্যায় সালিশের কথা বলে রূপলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সামসুদ্দিনের ছেলেরা। এরপর ঘরে বন্দি করে পিটিয়ে আহত করে। রূপলের অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে গ্রাম পুলিশের সাহায্যে রাজবাড়ী হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল বলেন, এ ঘটনায় নিহত রূপল শেখের মামা কালাম মোল্লা ১০ জনের নাম উল্লেখ করে রাতেই মামলা করেছেন। চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
