Published : 31 Oct 2024, 08:57 PM
বরিশালের বানারীপাড়ার ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে সন্ধ্যা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের ৪০ ঘণ্টা পর এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা জানান।
নিহত শহীদ সিকদার (৭২) উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মসজিদ বাড়ির প্রয়াত ফয়জর আলী সিকদারের ছেলে।
ওসি মোস্তফা বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র ও মৎস্য কর্মকর্তার নেতৃত্বে স্পিডবোট ও ট্রলার নিয়ে সন্ধ্যা নদীতে অভিযান চলে।
তখন নদীতে মাছ ধরছিলেন শহীদ সিকদার ও নুরুদ্দীন নামে দুই জেলে।
অভিযানের বিষয়টি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে নৌকা থেকে নদীতে ঝাঁপ দেন তারা।
সাঁতরে তীরে উঠতে গিয়ে বাকপ্রতিবন্ধী নুরুদ্দীন ধরা পড়েন। পরে তার মায়ের জিম্মায় ওই রাতেই নুরুদ্দীনকে ছেড়ে দেওয়া হয়।
কিন্তু শহীদ সিকদারের কোনো সন্ধান মেলেনি।
বৃহস্পতিবার দুপুরে সন্ধ্যা নদীর জাঙ্গালিয়া গ্রাম এলাকায় জেলে শহীদ সিকদারের লাশ ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
ওসি মোস্তাফা বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ যথাযথ প্রক্রিয়ায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।