১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে কান্নার আওয়াজ পেয়ে ঝোপ থেকে নবজাতক উদ্ধার

“ওই পথ দিয়ে যাওয়ার সময় ঝোপের ভেতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাই। পরে কাছে গিয়ে ফুটফুটে এক ছেলে শিশু পড়ে থাকতে দেখি।”

গাজীপুরে কান্নার আওয়াজ পেয়ে ঝোপ থেকে নবজাতক উদ্ধার
গাজীপুরের শ্রীপুর থানা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2025, 10:08 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সড়কের পাশে কান্নার আওয়াজ পেয়ে ঝোপের ভেতর থেকে এক নবজাতক উদ্ধার করেছেন পথচারীরা।

রোববার সকাল ৮টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের গাড়ারণ বাসাবাইদ পুলের কাছে শিশুটিকে পাওয়া গেছে বলে জানান শ্রীপুর থানার ওসি মুহম্মদ আবদুল বারিক।

নবজাতককে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে শিশুটির পরিবারকে খুঁজছে পুলিশ।

পথচারী শফিকুল ইসলাম বলেন, “ওই পথ দিয়ে যাওয়ার সময় ঝোপের ভেতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাই। পরে কাছে গিয়ে ফুটফুটে এক ছেলে শিশু পড়ে থাকতে দেখি।”

তিনি বলেন, এ সময় ঘটনাস্থলে আরও অনেকেই উপস্থিত হন। এর মধ্যে এগিয়ে আসেন স্থানীয় এক নারী। তিনি নবজাতককে কোলে দিয়ে শ্রীপুর থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে পুলিশের পরামর্শে শিশুটিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 

দুপুরের দিকে শিশুটির শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়ে গেলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান পথচারী শফিকুল ইসলাম। 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা দেওয়া হয়। দীর্ঘ সময় না খাওয়ার কারণে শিশুটি শারীরিকভাবে দুর্বল ছিল। তবে নবজাতকটি প্রিম্যাচিউরডও হতে পারে।

সন্ধ্যায় এ খবর লেখা পর্যন্ত শিশুটির পরিচয় পাওয়া যায়নি বলে জানান শ্রীপুর থানার ওসি আবদুল বারিক।