ফতুল্লায় সড়ক নির্মাণকাজে তিতাসের লাইন ফেটে পুড়ে গেছে দোকান-ঘর
অগ্নিকাণ্ডের পর ফতুল্লার আশপাশের কাশীপুর, বোলাইল, পানগাঁও, পঞ্চবটি এলাকায় (রাত ৮টা পর্যন্ত) গ্যাস ও বিদ্যুৎ বিতরণ বন্ধ রয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটি-মুক্তারপুর দ্বিতল সড়ক নির্মাণকাজের সময় তিতাস গ্যাসের পাইপলাইন ফেটে আগুনে অন্তত সাতটি দোকান ও ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে৷
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের পর ফতুল্লার আশপাশের কাশীপুর, বোলাইল, পানগাঁও, পঞ্চবটি এলাকায় গ্যাস ও বিদ্যুৎ বিতরণ বন্ধ রয়েছে।
রোববার সকাল ১১টার দিকে পঞ্চবটি এলাকায় আগুন লাগার এ ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরউদ্দিন আহমেদ৷
তিনি জানান, “মাটির নিচে গ্যাস ও বৈদ্যুতিক লাইন দুটোই ছিল। রাস্তা নির্মাণের সময় গ্যাস লাইন ফেটে যায় এবং একই সময়ে বৈদ্যুতিক লাইনে স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়।
“খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে সড়কের পাশের অন্তত তিনটি দোকান ও চারটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।”
বিসিকের একটি নিটিং কারখানার মালিক মাহবুবুর রহমান বলেন, “আগুন লাগার পর এক ঘণ্টার বেশি সময় গ্যাস সরবরাহ বন্ধ ছিল। পরে বিসিক এলাকায় গ্যাস সরবরাহ শুরু হলেও বিসিকের বাইরে অন্যান্য এলাকায় সরবরাহ এখনও বন্ধ রয়েছে।”
যোগাযোগ করা হলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মামুনুর রশিদ রাত ৮টার দিকে বলেন, “এলিভেটেড রোড নির্মাণের সময় দুর্ঘটনাক্রমে একটি গ্যাস লাইন ফেটে যায়। পরে আগুন ধরে যায়৷
“গ্যাস লাইন মেরামতের কাজ চলছে। কাছাকাছি বৈদ্যুতিক লাইন থাকায় সময় লাগছে। তবে গ্যাস ও বিদ্যুতের লাইন মেরামতের কাজ চলছে সমানতালে।”
