২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, ভোটের মাঠে ৩৪

গাজীপুরের কোনো আসনেই জামায়াতে ইসলামী ও বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2026, 09:19 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে দাখিল হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বড় ধরনের পরিবর্তন এসেছে নির্বাচনি সমীকরণে। 

গাজীপুরের পাঁচটি আসনে মোট ৫৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। শনিবার যাচাই-বাছাই শেষে ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

শনিবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন যাচাই-বাছাই শেষে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। যাচাই প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ দিক হল- গাজীপুরের কোনো আসনেই জামায়াতে ইসলামী ও বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি।

গাজীপুর-১ (কালিয়াকৈর): এ আসনে দাখিল হওয়া আটটি মনোনয়নপত্রের মধ্যে বাতিল হয়েছে জাতীয় পার্টির এস এম শফিকুল ইসলাম ও গণফ্রন্টের মো. আতিকুল ইসলামের। যথাযথ কাগজপত্র দাখিল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। 

এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় টিকে আছেন বিএনপির মো. মজিবুর রহমান, জামায়াতে ইসলামীর মো. শাহ আলম বকশী, লেবার পার্টির চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর তাসলিমা আক্তার, স্বতন্ত্র প্রার্থী মো. ইমারাত হোসেন খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমিন।

গাজীপুর-২ (সিটি করপোরেশনের ১৯ থেকে ৩৯ নম্বর ওয়ার্ড, ৪৩ থেকে ৫৭ নম্বর মোট ৩৬টি ওয়ার্ড এবং গাজীপুর ক্যান্টনমেন্ট): এই আসনে সর্বাধিক ১৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে আটজনের মনোনয়নপত্র বাতিল হয়। 

এক শতাংশ ভোটারের বৈধ সমর্থন না থাকায় খন্দকার রুহুল আমিন, জিত বড়ুয়া ও তাপসী তন্ময় চৌধুরী বাদ পড়েন। ফলকনামায় তথ্যের অসঙ্গতির কারণে বাতিল হন গণঅধিকার পরিষদের মাহফুজুর রহমান খান, মো. আতিকুল ইসলাম।

যথাযথ হলফনামা না থাকায় জাতীয় পার্টির মোহাম্মদ ইসরাফিল মিয়া, হলকনামা ও অঙ্গীকারনামায় স্বাক্ষর না থাকায় জনতার দলের মোহাম্মদ শরিফুল ইসলাম এবং হলকনামায় ত্রুটির কারণে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন সরকারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। 

এ আসনে বৈধ প্রার্থী হিসেবে টিকে আছেন বিএনপি এম মঞ্জুরুল করিম রনি, জামায়াতে ইসলামীর মুহাম্মদ হোসেন আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হানিফ সরকার, সিপিবির মো. জিয়াউল কবির, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মাসুদ রেজা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের সরকার তাসলিমা আফরোজ, জাতীয় পার্টির মো. মাহবুব আলম, এবি পার্টির আব্বাস ইসলাম খান, এনসিপির আলী নাছের খান, বাসদের মো. আব্দুল কাইয়ুম।

গাজীপুর-৩ (শ্রীপুর): এই আসনে মোট ১০ জনের মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়। কাগজপত্রে ত্রুটি ও শর্ত পূরণে ব্যর্থতার কারণে সংশ্লিষ্ট তিন প্রার্থী বাদ পড়েন। যারা বাদ পড়েছেন তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী গোলাম সাব্বির আলী ও ইজাদুর রহমান মিলন, ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা মুফতি শামীম আহমেদ।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির এস এম রফিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির মো. নাজিম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলমগীর হোসাইন।

গাজীপুর-৪ (কাপাসিয়া): এই আসনে দাখিল হওয়া নয়টি মনোনয়নপত্রের মধ্যে চারটি বাতিল করা হয়। আয়কর বকেয়া ও এক শতাংশ ভোটারের তালিকার ঘাটতির কারণে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবুল হাসেম, মো. শফিউল্লাহ; হলফনামা যথাযথ না হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ কাজিম উদ্দিন এবং হলফনামা ও অঙ্গীকারনামায় স্বাক্ষর না থাকায় এবি পার্টির মো. জাকির হোসেন বাদ পড়েন। 

এ আসনে বৈধ প্রার্থী হিসেবে থাকছেন বিএনপির শাহ রিয়াজুল হান্নান, জামায়াতে ইসলামীর সালাহ উদ্দিন আইউবী, ন্যাশনাল পিপলস পার্টির মনির হোসেন, জাতীয় পার্টির এনামুল কবির এবং সিপিবির মানবেন্দ্র দেব।

গাজীপুর-৫ (কালীগঞ্জ উপজেলা এবং গাজীপুর সিটি করপোরেশন ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড): এই আসনে আটজন প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচনি ব্যয়ের তথ্য না থাকায় জাতীয় পার্টির ডা. মো. শফিউদ্দিন সরকারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয় এবং প্রস্তাবক না থাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের মো. রুহুল আমিনের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য করা হয়। 

এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় টিকে আছেন বিএনপির এ কে এম ফজলুল হক মিলন, জামায়াতে ইসলামীর মো. খায়রুল হাসান, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. আল আমিন দেওয়ান, জনতার দলের মো. আজম খান, গণফোরামের মো. কাজল ভূঁইয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান।

সব মিলিয়ে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে ৫৩ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় বর্তমানে ৩৪ জন প্রার্থী বৈধভাবে প্রতিদ্বন্দ্বিতার মাঠে রয়েছেন। 

রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাইয়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীরা ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন। ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি।

নির্বাচনি প্রচার শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।