১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘মাতৃত্ব ভাতার কার্ড’ নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, যুবক গুলিবিদ্ধ

নাটোরে ভাতার কার্ড নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

‘মাতৃত্ব ভাতার কার্ড’ নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, যুবক গুলিবিদ্ধ
নাটোরের বড়াইগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ রুবেল।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2024, 06:37 PM

Updated : 26 Aug 2026, 10:55 AM

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাতৃত্বকালীন ভাতার কার্ড নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার রাজাপুর বাজারে এ ঘটনা ঘটে বলে জানান বড়াইগ্রাম থানার পরিদর্শক মো. সিরাজুল ইসলাম।

আহত মো. রুবেল (২৫) উপজেলার অর্জনপুর এলাকার বাসিন্দা। তিনি বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. শাহীনের সমর্থক।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোপালপুর ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া মাতৃত্বকালীন ভাতার কার্ড নিয়ে বড়াইগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রনি আহমেদের সমর্থকদের সঙ্গে শাহীনের পক্ষের লোকজনের বাকবিতণ্ডা হয়।

এ ঘটনায় রনির সমর্থকেরা মিছিল নিয়ে বাজারের দিকে গেলে শাহিনের সমর্থকদের সঙ্গে ফের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রনির পক্ষের লোকজন গুলি চালালে রুবেলের বাম হাতে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। 

গোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. আরিফ বিন আমিন বলেন, “শেখ হাসিনা সরকারের পতনের পর গোপালপুর ইউনিয়নের টিসিবির এক হাজার ৩৯৪টি কার্ডের মধ্যে ১০০ কার্ড বাতিল হয়। পরে সেগুলো বিতরণের সময় রনির পক্ষের সমর্থক ও অন্যান্যরা পেলেও শাহীনের পক্ষের কেউ পায়নি। এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভ ছিল।

“নভেম্বরে আসা মাতৃত্বকালীন পাঁচটি কার্ড নিয়ে ইউনিয়ন পরিষদের ভেতরে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বেলাল গুলিবিদ্ধ হন।”

সমর্থকদের গুলি ছোড়ার বিষয়টি অস্বীকার করে বড়াইগ্রাম বিএনপির যুগ্ম আহ্বায়ক রনি আহমেদ বলেন, “ওরা মিথ্যাচার করছে, বানোয়াট তথ্য দিচ্ছে, ভিত্তিহীন অভিযোগ করছে। ওরা আওয়ামী লীগের দোসর।”

নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক বলেন, “সংঘর্ষ ও গুলি ছোড়ার ঘটনাটি অপ্রত্যাশিত। আমরা বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি। দলের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, “দুই পক্ষের সংঘর্ষে একজন আহত হয়েছেন। তবে গুলির বিষয়টি এখনও নিশ্চিত করে বলতে পারছি না। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।”