ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্যকে হত্যার ১১ বছর পর দম্পতির যাবজ্জীবন
২০১৩ সালের ১০ এপ্রিল ভুট্টা ক্ষেত থেকে ইউপি সদস্য আলাউদ্দীনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার এক ইউপি সদস্যকে হত্যার ১১ বছর পর প্রতিবেশী দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া মামলা থেকে একজন বেকসুর খালাস পেয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের জ্যেষ্ঠ দায়রা জজ মো. আবুল মনসুর আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুল হালিম।
দণ্ড পাওয়ারা হলেন- উপজেলার কুশারীগাঁও গ্রামের প্রয়াত মাদু মোহাম্মদের ছেলে মোহাম্মদ আলী ও তার স্ত্রী মোমেনা বেগম।
খালাস পেয়েছেন উপজেলার কুশারীগাঁও গ্রামের ফারাজ উদ্দীনের ছেলে মো. নয়ন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম বলেন, ২০১৩ সালের ৯ এপ্রিল উপজেলার ভোমরাদহ ইউনিয়ন পরিষদের সদস্য আলাউদ্দীন ফকির ওরফে ফকির মেম্বার নিখোঁজ হন।
পরদিন কুশারীগাঁও গ্রামের জনৈক নাজিমের ভুট্টা ক্ষেত থেকে আলাউদ্দীন ফকিরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় আলাউদ্দীনের ছেলে বাদশা মিয়া প্রতিবেশী মোহাম্মদ আলী, মো. নয়ন, বাবুল এবং হামিদুল হককে আসামি করে পীরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
পিপি বলেন, তৎকালীন পীরগঞ্জ থানার এসআই মো. রায়হান আলী তদন্ত শেষে মোহাম্মদ আলী, তার স্ত্রী মোমেনা বেগম এবং মো. নয়নকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
সাক্ষ্যগ্রহণ শেষে মোহাম্মদ আলী ও তার স্ত্রী মোমেনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম।
