চুয়াডাঙ্গায় মুক্তিপণ না পেয়ে কিশোরকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড
২০১৬ সালের ২৯ জুলাই সজিবকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে তাকে হত্যা করা হয় বলে জানান এপিপি।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এক কিশোরকে অপহরণের পর মুক্তিপণের টাকা না পেয়ে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা দায়রা জজ মাসুদ আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) শরীফ উদ্দিন হাসু।
দণ্ড পাওয়া মো. মামুন (৩০) উপজেলার উজিরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে।
আট বছর আগে নিহত মাহফুজ আলম সজিব (১৫) ভিক্টোরিয়া জুবিলি (ভিজে) সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও উপজেলার উজিরপুর গ্রামের বাসিন্দা ছিল।
মামলার বরাতে এপিপি শরীফ উদ্দিন হাসু জানান, ২০১৬ সালের ২৯ জুলাই সজিবকে অপহরণ করেন মামুনসহ চারজন। পরে তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা। মুক্তিপণের টাকা না দিয়ে সজিবের স্বজনরা ঘটনাটি পুলিশ ও র্যাবকে অবহিত করেন।
ঘটনার দুই দিন পর র্যাব চুয়াডাঙ্গা পৌর এলাকার সি অ্যান্ড বি পাড়ার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে সজিবের লাশ উদ্ধার করে বলে জানান তিনি।
এ ঘটনায় মামুনসহ চারজনকে আসামি করে সজিবের মামা মো. আব্দুল হালিম থানায় হত্যা মামলা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
তিনি বলেন, মামলা দায়েরের পর আসামিদের মধ্যে তিনজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। তাদের মধ্যে জীবিত আছেন আসামি মামুন। তদন্ত শেষে ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি তৎকালীন এসআই আব্দুল খালেক আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ২০ হাজার ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান এপিপি শরীফ উদ্দিন।
