০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহে দুর্গা পূজার প্রতিমা ভাঙচুর, আটক ১

নতুন প্রতিমা তৈরির পাশাপাশি জেলার সব মন্দিরের নিরাপত্তা জোরদরের নির্দেশ দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি।

ঝিনাইদহে দুর্গা পূজার প্রতিমা ভাঙচুর, আটক ১
ঝিনাইদহের শৈলকুপায় ফুলহরি হরিতলা সর্বজনীন পূজা মন্দিরে দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2025, 05:00 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুর্গা পূজার প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে সিসি টিভির ভিডিও দেখে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোর রাতে উপজেলার ফুলহরি হরিতলা সর্বজনীন পূজা মন্দিরে এ ঘটনা ঘটে বলে জানান খুলনা রেঞ্জের পুলিশের ডিআইজি মো. রেজাউল হক।

আটক মনজের বিশ্বাস (৫০) ওই এলাকার বাসিন্দা। 

সিসিটিভি ভিডিওতে দেখা গেছে, মনজের মন্দিরে প্রবেশ করে একে একে মূর্তিগুলোর মাথা ভেঙে সরিয়ে দিচ্ছেন এবং পরে পানিতে চুবাচ্ছেন।

মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার বিশ্বাস বলেন, “রাত ৪টার পর্যন্ত আমাদের লোকজন মন্দিরে পাহাড়ায় ছিল। তারা চলে যাওয়ার পর মনজের কাজটি করেছেন। অসুর, কার্তিক, সরস্বতীসহ ছয়টি বিগ্রহের মাথা ভেঙেছেন মনজ। সকাল ৯টার দিকে গিয়ে দেখি প্রতিমা ভাঙচুর করা হয়েছে।”

মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস বলেন, “মনজের কিছুটা মানসিক প্রতিবন্ধী। যেখানে পূজা হয় তিনি সেখানেই যান। এই মন্দিরেও তিনি আগে এসেছেন। আমাদের এখানে খাওয়া-দাওয়া করেন। 

“এখন এ ভাঙচুর তার মানসিক অস্থিরতার বহিঃপ্রকাশ না-কি এর পেছনে কোনও ষড়যন্ত্র রয়েছে, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি।”

খবর পেয়ে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি সনাতন ধর্মালম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। 

মঙ্গলবার রাতের মধ্যে নতুন প্রতিমা তৈরির পাশাপাশি জেলার সব মন্দিরের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন রেজাউল হক।