২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্বশুর-পুত্রবধূর

পুলিশ জানায়, পুত্রবধূকে বিদ্যুতায়িত হতে দেখে বাঁশ দিয়ে তার সরাতে গিয়ে আক্কাস আলীও বিদ্যুতায়িত হন।

নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্বশুর-পুত্রবধূর
নাটোরের সিংড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের দুইজনের মৃত্যুতে স্বজনরা আহাজারি করছেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2024, 04:17 PM

Updated : 10 Sep 2026, 12:09 PM

নাটোরের সিংড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। 

বুধবার সকালে উপজেলার ছোট চৌগ্রামে এ ঘটনা ঘটে বলে সিংড়া থানার ওসি মো. আবুল কালাম জানান। 

নিহতরা হলেন- ওই এলাকার আক্কাস আলী ফকির (৬০) এবং তার ছেলে মোয়াজ্জেম ফকিরের স্ত্রী লাকি বেগম (৩৫)। 

স্থানীয়দের বরাতে ওসি আবুল কালাম বলেন, ওই গ্রামে মৎস্য চাষি হামিদুল ইসলাম তার বাড়ি থেকে চলাচলের রাস্তার ওপর দিয়ে অ্যালুমিনিয়ামের তারে পুকুরে বিদ্যুতের লাইন টেনে নিয়ে যান। 

“সকালে লাকি সেই রাস্তার পাশে গরুর গোবর তুলতে গিয়ে বৈদ্যুতিক লাইনের তারটি সড়িয়ে দিতে গেলে তিনি বিদ্যুতায়িত হন। 

“ঘটনাটি লাকির শ্বশুর আক্কাস দেখতে পেয়ে একটি বাঁশ দিয়ে বিদ্যুতের তারটি সরিয়ে দিতে গেলে বিদ্যুতের তারটি ছিটকে এসে পড়লে তিনিও বিদ্যুতায়িত হন।” 

ওসি বলেন, পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ করেনি। 

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।