হবিগঞ্জে বিএনপির দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষ
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার একটি গ্রামে বিএনপির দুই স্থানীয় নেতার অনুসারী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার বিকালে মাখনিয়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
বানিয়াচং থানার ওসি মিজানুর রহমান বলেন, সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ ও স্থানীয়রা বলেন, মাখনিয়া গ্রামের বিএনপি নেতা আকবর মিয়া ও মোর্শেদ মিয়ার মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বিকালে দু’পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
প্রায় দুই ঘন্টা ধরে চলা সংঘর্ষে দু’পক্ষের অনেকে আহত হন। তাদের মধে বেশ কয়েকজনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
