২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঈদ বকশিসের’ কথা বলে ডেকে নিয়ে হত্যা: সিরাজগঞ্জে বিএনপি নেতা বহিষ্কার

এ ঘটনায় নিহতের মায়ের করা মামলায় বিএনপি নেতা সাইফুলকে আসামি করা হয়।

‘ঈদ বকশিসের’ কথা বলে ডেকে নিয়ে হত্যা: সিরাজগঞ্জে বিএনপি নেতা বহিষ্কার
বিএনপি নেতা সাইফুল ইসলাম।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2026, 06:22 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেরায় ‘ঈদের বকশিসের’ কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে গলাকেটে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার বিকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত সাইফুল ইসলাম উপজেলার কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সড়াতৈল গ্রামের আদম ব্যাপারীর ছেলে।

শনিবার ঈদের দিন সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়; যাকে আগের দিন সন্ধ্যায় ‘ঈদের বকশিস’ দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়েছিল বলে দাবি স্বজনদের।

নিহত সোহেল রানা (২৫) ওই ইউনিয়নের সড়াতৈল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে।

এ ঘটনায় সোহেলের মা রুবি আক্তার বাদী হয়ে বিএনপি নেতা সাইফুল ইসলামের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার চার দিনের মাথায় সাইফুলকে দল থেকে বহিষ্কারের বিজ্ঞপ্তি দিল বিএনপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সড়াতৈল গ্রামের সোহেল রানা হত্যায় জড়িত থাকার অভিযোগ এবং নিহতের মায়ের করা মামলায় আসামি করায় দলীয় সকল পদ থেকে সাইফুল ইসলামকে বহিষ্কার করা হল।

তাকে বহিষ্কারের বিষয়ে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সাইফুল ইসলামকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় ঈদ বকশিস দেওয়ার কথা বলে সোহেল রানাকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। ঈদের দিন সকালে এলাকার একটি ধান ক্ষেতে সোহেলের লাশ উদ্ধার করে পুলিশ। তাকে গলাকেটে এবং মাথা ও গালসহ কয়েকটি স্থানে কুপিয়ে হত্যা করা হয়।

সিরাজগঞ্জে 'ঈদ বকশিসের' কথা বলে ডেকে নিয়ে যুবককে গলাকেটে হত্যা