১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে ‘ঈদ বকশিসের’ কথা বলে ডেকে নিয়ে যুবককে গলাকেটে হত্যা

আগের দিন সন্ধ্যায় সোহেল বাড়ি থেকে বের হওয়ার পর আর রাতে ফেরেননি বলে জানান স্বজনরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2026, 07:03 PM

Updated : 26 Aug 2026, 03:13 PM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ‘ঈদ বকশিস’ দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম।  

নিহত সোহেল রানা (২৫) উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে।

ওসি সাইফুল ইসলাম বলেন, “শুক্রবার সন্ধ্যায় ‘ঈদ বকশিস’ দেওয়ার কথা বলে সোহেলকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। ঈদের দিন একটি ধানক্ষেতে সোহেলের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।”

সোহেলের গলাকাটা এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে বলে জানান তিনি। 

ওসি বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। 

এ ঘটনায় স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।