২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: অস্ত্রসহ ছাত্রশিবির কর্মী গ্রেপ্তার

তার হেফাজত থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়।

পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: অস্ত্রসহ ছাত্রশিবির কর্মী গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার তুষার হোসেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2025, 07:05 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

পাবনার ঈশ্বরদী উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় অস্ত্র হাতে দেখা যাওয়া সেই যুবককে গ্রেপ্তার করা হয়েছে; যাকে ছাত্রশিবির কর্মী বলছে গোয়েন্দা পুলিশ।

এ সময় তার হেফাজত থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়।

সোমবার মধ্যরাতে সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি এলাকার জে সি রোডে মতিন সাহেবের ঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশিদুল ইসলাম।

গ্রেপ্তার তুষার হোসেন (২১) ঈশ্বরদী পৌর শহরের ভেলুপাড়া মহল্লার তাহের হোসেনের ছেলে। তুষার পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ আসনে দলটির মনোনীত প্রার্থী আবু তালেব মণ্ডলের ভাতিজা মামুন মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

গত বৃহস্পতিবার সংঘর্ষের সময় পিস্তল হাতে থাকা যুবক জামায়াতের কর্মী বলে আগেই জানিয়েছিলেন ঈশ্বরদী থানার ওসি আ. স. ম. আব্দুর নূর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির মাধ্যমে তুষারের পরিচয় শনাক্ত করে পুলিশ।

সংঘর্ষের ঘটনার পর বিএনপি ও জামায়াত পাল্টাপাল্টি মামলা করে। পরে শনিবার রাতে অভিযান চালিয়ে জামায়াতের দুই ও বিএনপির তিন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

বিএনপির মামলায় পাবনা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আবু তালেব মণ্ডলকে প্রধান আসামি করা হয়। অন্যদিকে জামায়াতের মামলায় স্থানীয় সাহাপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মক্কেল মৃধাকে প্রধান আসামি করা হয়।

সংঘর্ষের ঘটনায় সবশেষ বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতা বাঁধন হাসান আলিমের করা মামলায় পাবনা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থীসহ ৩১ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছে আদালত। সোমবার পাবনার মুখ্য বিচারিক হাকিম আদালতের ভারপ্রাপ্ত বিচারক তরিকুল ইসলাম তাদের জামিন অনুমোদন করেন।

গোয়েন্দা পুলিশের ওসি রাশিদুল ইসলাম বলেন, “সংঘর্ষের পর থেকে তুষার পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তুষারের দেখানো স্থান ভেলুপাড়ায় মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।

ঘটনার দিন বিকালে জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডল ওই এলাকায় গণসংযোগে যান। এ সময় দুই পক্ষ কথাকাটাকাটি থেকে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘটনার সময় গুলির ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় কয়েকটি মোটরসাইকেল। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। 

ঘটনার সময় পিস্তল হাতে এক তরুণকে গুলি ছুড়তে দেখা যায়, যার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়।