Published : 24 Jul 2026, 06:01 PM
বরিশালের বানারীপাড়া উপজেলায় মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করার অভিযোগে এক হিন্দু যুবককে পিটুনি দিয়ে গলায় জুতার মালা পরিয়ে ঘোরানোর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকালে সৈয়দকাঠি ইউনিয়নের একতারহাট এলাকার এ ঘটনা ঘটে বলে বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান জানিয়েছেন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মারধরের শিকার ২৭ বছর বয়সী যুবকের বাড়ি ওই একই ইউনিয়নে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই যুবকের গলায় জুতার মালা ঝুলছে। তিনি হাতজোড় করে হাঁটছেন এবং বলছেন, ‘আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন’। এ সময় তার পেছন পেছন একদল ব্যক্তিকে হাঁটতে দেখা যায়।
স্থানীয়দের বরাতে ওসি মজিবুর বলেন, “ফেইসবুকে একটি পোস্টের মন্তব্যে ওই যুবক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেছেন অভিযোগ ওঠার পর স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে তাকে মারধর করা হয় এবং গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়।
“তিনি ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না বলে সবার কাছে ক্ষমা চান। পরে তাকে তার বাবার জিম্মায় দেওয়া হয়।”
এ পুলিশ কর্মকর্তা বলেন, “যুবকটি ভুল স্বীকার করে মাফ চাওয়ায় বিষয়টি স্থানীয়ভাবেই মীমাংসা করা হয়েছে।”