২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যা

এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2024, 08:05 PM

Updated : 26 Aug 2026, 10:39 AM

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ। 

রোববার রাতে উপজেলার গুল্টা হাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান তাড়াশ থানার ওসি আসলাম হোসেন।

নিহত অন্তরা খাতুন (৩৫) ওই গ্রামের আলমগীর হোসেনের প্রথম স্ত্রী। তিনি বরিশালের বাসিন্দা। আটক আলমগীর হোসেন একই গ্রামের বাদল সরকারের ছেলে।

অন্তরার বাবা জাহাঙ্গীর হোসেন জানান, প্রায় ২০ বছর আগে ঢাকায় পোশাক কারখানায় চাকরি করার সময় অন্তরার সঙ্গে আলমগীরের প্রেম হয়। পরে তারা বিয়ে করে আলমগীরের গ্রামের বাড়িতে বসবাস শুরু করেন। তাদের দুই ছেলে-মেয়ে আছে।

“সম্প্রতি অন্তরাকে না জানিয়ে আলমগীর দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে প্রতিবাদ করায় স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। রোববার সন্ধ্যায় আলমগীর দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে আনার প্রস্তাব দিলে অন্তরা তাতে অস্বীকৃতি জানান। 

“এক পর্যায়ে আলমগীর রেগে গিয়ে অন্তরাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর মৃতদেহ ঘরের মধ্যে রশি দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করেন। আমি ন্যায় বিচার চাই।”

এ ঘটনায় অন্তরার বাবা জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।

ওসি আসলাম হোসেন জানান, খবর পেয়ে আলমগীরকে আটক করা হয়েছে। অন্তরার মৃতদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।