Published : 05 Jun 2026, 07:37 PM
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় খেলা নিয়ে শিশুদের হাতাহাতির জেরে দুই পরিবারের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার গন্ডা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ।
নিহত জামাল মিয়া (৪৫) ওই গ্রামের মঈন উদ্দিনের ছেলে।
ওসি মেহেদী মাকসুদ বলেন, দুপুর আড়াইটার দিকে জামাল মিয়ার শিশু সন্তানের সঙ্গে প্রতিবেশী সুজন মিয়ার শিশু সন্তানদের খেলাধুলা নিয়ে ঝগড়া হয়। পরে বিষয়টি নিয়ে উভয় পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দেশি অস্ত্রের আঘাতে জামাল মিয়া গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ফের সংঘর্ষ এলাড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় সুজন মিয়ার স্ত্রী অজু আক্তারকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করলে তাকে থানা হেফাজতে নেওয়া হয় বলে জানান ওসি মেহেদী মাকসুদ।
তিনি বলেন, লাশের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।