২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিভাগে ভোট নিয়ে কোনো চ্যালেঞ্জ নেই: কমিশনার

অবৈধ অস্ত্র উদ্ধার ও সীমান্ত এলাকায় অপরাধ রোধে টাস্কফোর্স অপারেশন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বজলুর রশীদ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2025, 09:37 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগ নিয়ে কোনো চ্যালেঞ্জ নেই বলে আশ্বস্ত করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার আ. ন. ম. বজলুর রশীদ।

বুধবার বিকালে সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজনে রাজশাহীতে বিভাগীয় পর্যায়ের নির্বাচনি সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রাজশাহী সার্কিট হাউসের সভাকক্ষে আয়োজিত ডিআইজি ও পুলিশ কমিশনারসহ নির্বাচন এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, আট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবি, আনসার ও ভিডিপি, র‌্যাব, সেনাবাহিনী এবং নির্বাচন কাজে নিয়োজিত মাঠ পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা এতে অংশ নেন। 

সভা শেষে সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার বলেন, “আমার জেলা পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য শুনেছি। তাদের পরামর্শগুলো নোট করেছি। সেগুলো সরকারকে জানানো হবে।”

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন করার কথা জানিয়ে বজলুর রশীদ বলেন, “এর কোনো ব্যত্যয় আমরা হতে দেব না। এই ঐক্য আমরা এখনো ঘোষণা করেছি। সেইসঙ্গে অস্ত্র উদ্ধারসহ নির্বাচনি আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

“এর মধ্যে রয়েছে- নির্বাচনি এলাকায় অবৈধ পোস্টার, ব্যানার ও ফুটপাতের অবৈধ স্থাপনা অপসারণ। অবৈধ অস্ত্র উদ্ধার ও সীমান্ত এলাকায় অপরাধ রোধে টাস্কফোর্স অপারেশন অব্যাহত রাখা।”

তিনি বলেন, সাজাপ্রাপ্ত আসামি ও দাগি অপরাধীদের ধরার জন্য অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’ চালু রাখা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিতকরণ এবং নারী-পুরুষ সকলের অংশগ্রহণ বৃদ্ধির জন্য প্রচারণা অব্যাহত রাখতে হবে। 

প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশনা এবং গণভোট ও পোস্টাল ভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে নির্বাচনি সমন্বয় সভায় আলোচনা হয়েছে বলে জানান বিভাগীয় কমিশনার।

জুলাই আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাজাহান বলেন, “যেসব সরকারি অস্ত্র লুট হয়েছিল তার সবগুলো এখনো উদ্ধার হয়নি। অস্ত্র উদ্ধার একটি চ্যালেঞ্জের বিষয়। 

“অস্ত্রগুলো উদ্ধারে পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। তারা কাজ করছেন। কারা অস্ত্রগুলো নিয়ে গেছে, কাদের কাছে আছে, সেগুলো চিহ্নিত করতে তৎপরতা অব্যাহত রয়েছে।”