২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতার গলা কাটা লাশ উদ্ধার

“বাবার অনেক ঋণ ছিল। কোনও পাওনাদার তাকে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।”

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতার গলা কাটা লাশ উদ্ধার
মুসা মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2025, 08:06 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্যের গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রামের জোয়ারার বিল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান বাঞ্ছারামপুর থানার ওসি হাসান জামিল খান।

নিহত মুসা মিয়ার (৬৫) ওই গ্রামের প্রয়াত মাহমুদ আলীর ছেলে। তিনি ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। 

সোমবার সন্ধ্যায় মুসার ছেলে উজ্জ্বল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবা ড্রেজার চালাতেন। শনিবার রাতে তিনি ড্রেজারে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।

“রোববার বিকালে স্থানীয়দের মাধ্যমে বিলের মধ্যে বাবার মৃতদেহ পড়ে থাকার খবর পাই। পরে পুলিশকে খবর দিলে, তারা গলা কাটা লাশ উদ্ধার করে নিয়ে যায়।”

তিনি বলেন, “বাবার অনেক ঋণ ছিল। কোনও পাওনাদার তাকে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানাই।”

সোমবার সন্ধ্যা ৬টায় ওসি হাসান জামিল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতে জানাজা শেষে দাফন করা হবে। হত্যার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

তবে এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত থানায় কোনও মামলা হয়নি বলে জানান ওসি।