‘দস্যুরা বলেছিল, আমরা বাঁচলে তোমরাও বাঁচবে’
“প্রথমে ১৩ জন থাকলেও আড়াই দিন পর সোমালিয়া পৌঁছালে জাহাজে ৩০-৩৫ জন ওঠে। আর শেষদিকে ৬০-৬৫ জন হয়ে যায়। এরপর ওরা আমাদের সব খাবার খেয়ে শেষ করে ফেলে।”
“প্রথমে ১৩ জন থাকলেও আড়াই দিন পর সোমালিয়া পৌঁছালে জাহাজে ৩০-৩৫ জন ওঠে। আর শেষদিকে ৬০-৬৫ জন হয়ে যায়। এরপর ওরা আমাদের সব খাবার খেয়ে শেষ করে ফেলে।”
ভারত মহাসাগরে সোমালি জলদস্যুরা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে জিম্মি করার পরদিন অন্য আরেকটি জাহাজ গিয়েছিল নাবিকদের উদ্ধার করতে। তখন জলদস্যুরাও পাল্টা ছুড়ে ওই জাহাজটিকে চলে যেতে এক থেকে দশ পর্যন্ত গুনছিল আর বলছিল, ‘আমরা বাঁচলে তোমরাও বাঁচবে’।
জাহাজের ফ্লোরে শুয়ে সব নাবিক তখন ভয়ে কাঁপছিলেন আর ভাবছিলেন, দুই পক্ষের গোলাগুলিতে পড়ে বোধহয় মারা যাবেন। আর বোধহয় ফেরা হবে না দেশে, দেখা হবে না প্রিয় মুখগুলো।
এমভি আবদুল্লাহর নাবিক বরিশালের মো. আলী হোসেন সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে বারবার কেঁপে ওঠছিলেন, গলা ধরে আসছিল তার। তবে সব বিপদ পাড়ি দিয়ে পরিবারের কাছে ফিরে আসতে পেরে তিনি খুবই খুশি।
মঙ্গলবার জিম্মি দশার ৬২ দিন পর ২৩ নাবিক এসে নামেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি-১) জেটিতে। অন্য সবাই সেদিন স্বজনদের সাক্ষাত পেলেও আলী হোসেনকে অপেক্ষা করতে হয় বৃহস্পতিবার পর্যন্ত।
এদিন সকালে চট্টগ্রাম থেকে একাই বানারীপাড়া উপজেলার খেয়াঘাটে পৌঁছান আলী। ঘাটে বাবা, স্ত্রী, চাচা ও বন্ধু-বান্ধবরা তাকে বরণ করে বিশারকান্দি ইউনিয়নের পশ্চিম উমারের পাড় গ্রামের বাড়িতে নিয়ে যান। তিনি ওই গ্রামের ইমাম হোসেনের ছেলে।
আলী হোসেনের বাড়ি ফেরার খবরে সংবাদমাধ্যমের কর্মীরাও সেখানে জড়ো হন। প্রতিবেশিসহ স্থানীয় জনপ্রতিনিধরা ছুটে আসেন। তাদের সঙ্গে কুশল বিনিময় করেন আলী হোসেন।
ভারত মহাসাগরে সোমালিয়া উপকূল থেকে প্রায় ৬০০ নটিক্যাল মাইল দূরে সোমালি জলদস্যুদের কবলে পড়েছিল বাংলাদেশের কবির গ্রুপের এসআর শিপিংয়ের মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ। জাহাজে ছিলেন ২৩ জন নাবিক। তারা সবাই বাংলাদেশি।
নাবিকরা জলদস্যুদের হাত থেকে ৩৩ দিন পর মুক্ত হলেও দেশে ফিরতে লেগেছে তাদের আরও এক মাস।
‘ঘুমাচ্ছিলাম, হঠাৎ ইমারজেন্সি অ্যালার্ম’
এমভি আবদুল্লাহ যেদিন জলদস্যুদের কবলে পড়ে সেদিন আলী হোসেনের ছিল সাপ্তাহিক ছুটি। তিনি নিজের কেবিনে ঘুমাচ্ছিলেন। বিছানায় থেকেই ‘ইমাজেন্সি অ্যালার্ম’ শুনে তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে আসেন।
আলী হোসেন বলছিলেন, “আমি ঘুম থেকে উঠে ব্রিজের দিক যেতে যেতে মাইকে শুনছিলাম সন্দেহভাজন একটি নৌকা আমাদের জাহাজের কাছাকাছি আসছে। সবাই ব্রিজে গিয়ে দেখতে পাই, একটি বোট জাহাজের বামদিক থেকে আসছে। তবে সেখান থেকে তারা জাহাজে উঠতে না পেরে পেছন থেকে ঘুরে ডানদিকে আসে। পরে লেডার আর জ্যাক টাইপের কিছুর সাহায্যে জাহাজে উঠে যায় তারা।”
নৌকা করে জলদুস্যরা এসেছে এটা নিশ্চিত হয়ে জাহাজের ক্যাপ্টেন তখন সবার সঙ্গে যোগাযোগ করেন। চিফ অফিসার তখন ইঞ্জিন রুমের একজন ছাড়া বাকি সবাইকে জাহাজের গোপন কক্ষে নিয়ে রাখেন।
নাবিক আলী বলেন, “কিন্তু জলদস্যুরা জাহাজে উঠেই ক্যাপ্টেন আর চিফ অফিসারকে আটকে ফেলে। ফলে বাধ্য হয়ে আমাদের সারেন্ডার করতে হয়। তখন হাত উপরে তুলে অনেকটা মুরগির মতো করে সবাইকে জাহাজের ব্রিজে যেতে হয়। হাঁটু গেড়ে সবাই সেখানে অবস্থান নিয়ে দেখি দস্যুদের সবার হাতে অস্ত্র। সেগুলো না চিনলেও দেখা মুভির সঙ্গে মিলিয়ে মনে হয়েছে একে-৪৭ হবে।”
তিনি জানান, প্রথম দফায় জলদস্যুরা চারজন থাকলেও পরে তারা ১৩-১৪ জন হয়। কিছু পরে সবাইকে ‘রিলিজ’ দেয়। তখনই নাবিকরা যে যার মতো করে বাসায় ও অফিসে যোগাযোগ করেন। এরপর জলদস্যুরা সবার ফোন নিয়ে নেয় এবং সবাইকে ব্রিজেই থাকতে হয়।
যেকোনো বন্দর থেকে বের হলেই জাহাজে এক থেকে দেড় মাসের খাবার নেওয়া হয় জানিয়ে আলী হোসেন বলেন, “রমজান মাস হওয়ায় ক্যাপ্টেন স্যার পর্যাপ্ত বাজার করেছিলেন। নিজে উদ্যোগ নিয়ে কোম্পানিকে বলে বেশি পানি নিয়েছিলেন। পানি না থাকলে আমাদের দুঃখ ছিল। এজন্য ক্যাপ্টেন স্যারকে ধন্যবাদ। জাহাজে ফ্রেশ ওয়াটার না থাকলে আমরা থাকতে পারতাম না। গ্যাপ দিয়ে হলেও ওরা ফ্রেশ ওয়াটারের ব্যবস্থা করেছে। তবে শেষ মুহূর্ত ছাড়া বাকি সময়টায় খাবারের তেমনভাবে কষ্ট হয়নি।”
‘বাসায় সবসময় ভালো কিছু বলার চেষ্টা করেছি’
জাহাজ জিম্মি হওয়ার পর দুশ্চিন্তা করবে এমন ভাবনা থেকে প্রথমে পরিবারকে জানাতে চাননি আলী হোসেন। পরে ভবিষ্যতে কী হবে সেটা ভেবে বড়ভাইকে বিষয়টা জানান। আর তাকে এটাও বলেন যে, তিনি যেন পরিবারকে নেটওয়ার্ক সমস্যার কথা বলে ‘ম্যানেজ’ করেন।
“পরে পরিস্থিতি খারাপ দেখে, জীবনে আর কথা বলতে পারব কিনা এমন শঙ্কায় সবার সঙ্গে কথা বলেছি। আর যখনই কথা হয়েছে তখনই ভালো কিছু বলার চেষ্টা করেছি বাসায়, যাতে তারা উদ্বিগ্ন না হয়। প্রথম দিকে তো ব্রিজ থেকে নামারই সুযোগ দিত না, আর সেখানে মাত্র একটা ওয়াশরুম ছিল সেটিও ওরা ভেঙে ফেলেছিল। ফলে খুবই কষ্ট হয়েছিল।”
তিনি বলেন, “প্রথম দিকে ওদের আসার কারণই আমরা বুঝতে পারছিলাম না। তবে মুসলিম দেখে কিছুটা শিথিল আচরণ দেখিয়েছে মাঝে মাঝে। আমরাও চেষ্টা করেছি, ওরা যাতে অ্যাগ্রেসিভ না হয় সেভাবে চলার।”
“প্রথমে ১৩ জন থাকলেও আড়াই দিন পর সোমালিয়া পৌঁছালে জাহাজে ৩০-৩৫ জন ওঠে। আর শেষদিকে ৬০-৬৫ জন হয়ে যায়। এরপর ওরা আমাদের সব খাবার খেয়ে শেষ করে ফেলে।”
তিনি বলেন, “জিম্মি থাকার দিনগুলোতে নিজের থেকেও পরিবারের কথা বেশি মাথায় এসেছে। বাবা-মা, স্ত্রীর কী হবে এটা ভেবেই কষ্ট লেগেছে বেশি। ওইসময়গুলো মৃত্যুর চেয়েও খারাপ মনে হয়েছিল। মৃত্যু হয়তো হঠাৎ করেই হয়ে যায়। কিন্তু এখান থেকে আমরা কবে মুক্তি পাব তা কেউ বুঝতে পারছিলাম না।”
‘ক্রসফায়ারে মারা যাওয়ার ভয়’
জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার একদিন পর নেভির একটি জাহাজ এসেছিল নাবিকদের উদ্ধার করতে। ওই দিন ভয়াবহ অবস্থা ছিল। জলদস্যুরা তখন কাউন্টডাউন করে গুলি করার প্রস্তুতি নিয়েছিল।
আলী হোসেন বলেন, “তখন জলদস্যুরা হুমকি দিয়ে বলেছিল, ‘লিভ দ্য ভেসেল, আদারওয়াইজ উই উইল ফায়ার’। ওরা যখন কাউন্টডাউন করছিল, ওয়ান থেকে টেন, সবাই তখন ফ্লোরের মধ্যে শুয়ে গেছিল। ওরা তখন ওপেন ফায়ার করছিল, জাহাজের দিকে না, খোলা আকাশের দিকে। আমাদের জাহাজের ক্যাপ্টেন তখন ওদের চলে যেতে বলেছিল। তখন আমাদের অনেক হুমকি-ধামকি দিচ্ছিল। ওরা তখন বলছিল, ‘আমাদের জীবন বাঁচলে তোদেরটা বাঁচবে’।
“তখন সবাই ভয় পেয়েছিলাম, ক্রসফায়ারে পড়ে মারা যাওয়ার। কিংবা গুলি লেগে আহত হলেও সমুদ্রে তো কোনো চিকিৎসা দেওয়ার ব্যবস্থা ছিল না। তাই সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথম এক সপ্তাহ আমরা ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে ছিলাম।”
তিনি বলেন, “নেভির কোনো বোট এলে ওরা সেভাবে প্রিপারেশন নিত। ওদের কাছে অনেক ভারী অস্ত্র ছিল। যেগুলো আমরা মুভিতে দেখেছি। আমরা সব অস্ত্রের নামও জানি না। একে-৪৭, মেশিনগান, রকেট লাঞ্চার অনেক ভারী অস্ত্র ছিল। যেগুলোর সামনে আমাদের সাধারণ মানুষের করার কিছু ছিল না। তাই আমরা ওদের কমান্ড ফলো করেছি। ওরা একদম হিংস্র প্রকৃতির। ওদের সঙ্গে সাধারণ মানুষের সার্ভাইভ করা কঠিন।”
ঈদের দিন সবাই জাহাজেই একসঙ্গে নামাজ আদায় করেছিলেন। একজন সেই ছবি তুলেছিল। সেই ছবি দেখে জলদস্যুরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
সেদিনের কথা স্মরণ করে আলী হোসেন বলেন, “ঈদের নামাজের একটি ছবি লিক হয়েছিল। ওদের একজন ট্রান্সলেটর বিষয়টি দেখে ঈদের পরের দিন সবাইকে ডেকে ব্রিজে নিয়ে গেছে। তখন তারা বলেছে, ‘এই ছবি কে লিক করেছে, কাম টু ফরওয়ার্ড’। ওই দিনটাও আমাদের জন্য ভয়াবহ ছিল। কিন্তু কোম্পানির সঙ্গে মীমাংসার পর্যায়ে চলে যাওয়ায় আমাদের কোনো সমস্যা হয়নি।”
মুক্তির আনন্দ
আলী হোসেন বলছিলেন, “মুক্তি পাব এই খবরটা ওদের কাছ থেকে শুনিনি। তবে ওদের আচার-আচরণে ঈদের দুইদিন আগে বুঝতে পেরেছি আমরা মুক্তি পাচ্ছি। আমাদের কোম্পানি সরকারের মাধ্যমে দ্রুত যোগাযোগ করতে পেরেছে এই কারণে আমাদের কোনো টর্চার করেনি। ওরা বলছিল, আমাদের কোম্পানি অনেক ভাল। তারা দ্রুত যোগাযোগ করেছে।
মুক্তির দিন বেলা ১১টার দিকে সবাইকে একটি জায়গায় সারিবদ্ধভাবে দাঁড় করানো হয় জানিয়ে এমভি আবদুল্লাহর নাবিক বলেন, “এরপর ছোট একটি বিমান থেকে তিনটি বস্তা ফেলতে দেখি, তবে তার মধ্যে কী ছিল অনুমান করতে পারিনি। কিন্তু ছাড়া পাওয়ার পর জানতে পারি ডলার ছিল বস্তায়।”
মা-বাবার কাছে ফিরে আসতে পেরে খুশি আলী হোসেন বলেন, “এটা একটা অনাকাঙ্ক্ষিত বিষয় ছিল। এখান থেকে ফিরে আসব ভাবি নাই। সবার কাছে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ খুশি।”
আলী হোসেন বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে কাঁদতে শুরু করেন মা। তিনি আনন্দ অশ্রু নিয়ে বলছিলেন, ‘আজ আমার ঈদের দিন’।
ছেলের পছন্দের দেশি মুরগি, শোল ও চিংড়ি মাছ, শাক রান্না করেছেন জানিয়ে আলী হোসেনের মা জাহাজ কোম্পানি ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
গত বছরের ৯ জুলাই ইয়ামনি ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আলী হোসেন। নববধূকে বাড়ি রেখে ২৫ নভেম্বর জাহাজে উঠেন তিনি।
ইয়ামনি ইসলাম বলেন, “অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছি। আল্লাহর উপর ভরসা ছিল, তাকে ফিরিয়ে দেবেন। রমজান শেষে আমাদের ঈদ হয়নি। আজ ঈদের আনন্দ।”
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
ছেলেকে ফিরে পেয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আলী হোসেনের বাবা ইমাম হোসেন।
আরও পড়ুন:
৩৩ দিনের উৎকণ্ঠা পেরিয়ে মুক্ত এমভি আবদুল্লাহ
এমভি আবদুল্লাহর মুক্তির পর সোমালিয়ায় ৮ জলদস্যু গ্রেপ্তার
জিম্মি নাবিকদের ছাড়াতে কত লাগল?
নাবিকদের মুক্তিতে মুক্তিপণের তথ্য নেই: নৌ প্রতিমন্ত্রী
তিনটি ব্যাগ পেয়ে দস্যুরা বলে, ‘তোমরা এখন মুক্ত’
মুক্ত নাবিকদের ঘরে ‘ঈদের আনন্দ’
এমভি আবদুল্লাহ ও নাবিকরা মুক্ত
একসঙ্গে ঈদের নামাজ পড়লেন জিম্মি নাবিকরা, 'ভালো থাকার' বার্তা
এমভি আবদুল্লাহ: জিম্মি নাবিকদের কণ্ঠ শুনলেন স্বজনরা
এমভি আবদুল্লাহ: মালিকপক্ষের সঙ্গে জলদস্যুদের প্রথম যোগাযোগ
এমভি আবদুল্লাহ: ‘অভিযানের প্রস্তুতি’ নিচ্ছে আন্তর্জাতিক বাহিনী
এমভি আবদুল্লাহ: ‘জোরপূর্বক’ উদ্ধারে ইইউর প্রস্তাবে বাংলাদেশের ‘না’
এমভি আবদুল্লাহকে উদ্ধারের ‘চেষ্টা করেছিল’ ভারতীয় নৌবাহিনী
১০৯ দিনে ২৩ নৌযান সোমালি জলদুস্যদের নিশানায়, সর্বোচ্চ সতর্কতা
এমভি আবদুল্লাহ: টাকা না দিলে ‘একজন একজন করে মেরে ফেলার’ হুমকি দিচ্ছে জলদস্যুরা
জলদস্যুর কবলে বাংলাদেশি জাহাজ ‘আবদুল্লাহ’, ২৩ নাবিক জিম্মি
