কুমিল্লায় মাইক্রোবাস চাপায় অটোরিকশা চালক নিহত
“এ সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়।”
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় মাইক্রোবাস চাপায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
সোমবার সকালে ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার জানান, উপজেলার সুয়াগাজি ট্রাফিক চৌমুহনী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগের রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক মো. মোস্তফা কামাল (৫০) চৌদ্দগ্রাম উপজেলার জয়মঙ্গলপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, মোস্তফা তার অটোরিকশাটি স্থানীয় একটি গ্যারেজে রেখে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোস্তফা নিহত হন।
“এ সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। পরে চালক মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যায়।”
ওসি ইকবাল বলেন, “ঘটনার পর স্বজনরা মোস্তফার মরদেহ নিয়ে গেছে বলে শুনেছি।”
