কুমিল্লায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
এদিন কালবৈশাখী ঝড়ে চান্দিনা উপজেলায় ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও চান্দিনা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিনের বিভিন্ন সময় ঝড়-বৃষ্টির মধ্যে এ প্রাণহানির ঘটনা ঘটে বলে পুলিশ ও স্বজনরা বলেছেন।
নিহতরা হলেন- ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী গ্রামের তোতা মিয়ার ছেলে সামসু মিয়া (৪৫) এবং চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের পূর্বমাইজখার গ্রামের আমির হোসেনের স্ত্রী নাজমা আক্তার (৪৫)।
এদিন কালবৈশাখী ঝড়ে চান্দিনা উপজেলায় ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক বলেন, নাজমা আক্তার বিকালে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান। তার পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সকাল থেকে টানা প্রায় দুই ঘণ্টার কালবৈশাখী ঝড়ে উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে অন্তত ১০টির বেশি বসতঘর বিধ্বস্ত হয়েছে এবং কয়েক হাজার গাছপালা ভেঙে পড়েছে। অনেক এলাকায় গাছ পড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউএনও আশরাফুল হক বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। প্রয়োজনীয় সহায়তা করা হবে।
ব্রাহ্মণপাড়া উপজেলায় নিহত সামসু মিয়ার স্বজন প্রভাষক দুলাল হোসেন বলেন, বাড়ির পাশের জলাশয়ে মাছ ধরার সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সামসু মিয়া স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিকালে উপজেলার আনন্দপুর এলাকায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
