কোভিড: যশোরে আক্রান্ত আরও একজনের মৃত্যু
এ নিয়ে গত তিন দিনে যশোরে তিনজনের মৃত্যু হল।
যশোরে কোভিডে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন দিনে যশোরে তিনজনের মৃত্যু হল।
সাবিনা খাতুন (৫৫) নামের এই নারী যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। বিকালে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
সেখানে বিকাল সাড়ে ৫টায় তিনি মারা যান বলে জানান আইসিইউ বিভাগের ইনচার্জ রবিউল ইসলাম তুহিন।
সাতক্ষীরার কলারোয়া পৌর এলাকার গদখালী ঝিকরা গ্রামের বাসিন্দা সাবিনা খাতুন যশোর শহরেই থাকতেন।
বেসরকারি ইবনে সিনা হাসপাতালে জ্বর ও কাশি নিয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১২ জুন তার কোভিড শনাক্ত হয়। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
তাকে নিয়েই এবার যশোর জেনারেল হাসপাতালে কোভিড আইসোলেশন ওয়ার্ডের যাত্রা শুরু হয়েছিল।
এদিকে শুক্রবারও সরকারি এ হাসপাতালে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু হয়নি।
যশোর জেনারেল হাসপাতল কোভিড পরীক্ষার জন্য দুই হাজার র্যাপিড অ্যান্টিজেন কিটস পেয়েছে।
শনিবার থেকে পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন শাফায়াত। তিনি বলেন, তবে গণহারে নয়। হাসপাতালে ভর্তি বয়স্ক রোগী, যাদের এ লক্ষণ আছে এমন ব্যক্তিদের পরীক্ষা করা হবে।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিটস দেওয়া হয়নি।
জেলা সিভিল সার্জন মাসুদ রানা বলেন, কিটস সংকট আছে দেশে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ হাসপাতালগুলোকে দেওয়া হচ্ছে। পরবর্তীতে সব জায়গায় দেওয়ার চেষ্টা হচ্ছে।
