২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের দুই প্রান্তে অন্তত ৭ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2024, 07:47 PM

Updated : 26 Aug 2026, 09:53 AM

বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন নরসিংদী শিবপুর উপজেলার একটি পোশাক কারখানার শ্রমিকরা। 

রোববার বিকাল সাড়ে তিনটা থেকে উপজেলার কারারদী (বড়ইতলায়) ‘থার্মেক্স গ্রুপের আদুরী গার্মেন্টসের’ সামনে মহাসড়কের উপর অগ্নিসংযোগও করেন তারা।

শ্রমিকদের দাবি, ওভারটাইম ও তিন মাসের বকেয়া পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ। ঈদের আগেও দেই-দিচ্ছি করে আর তা পরিশোধ করেনি। বকেয়া পরিশোধের দাবি করলেই নানা অযুহাতে শ্রমিকদের ছাঁটাই করা হয়। এ সবের প্রতিবাদে ফুঁসে উঠেছে শ্রমিকরা।

এ দিকে সড়ক অবরোধ করে আন্দোলন করায় ঢাকা-সিলেট মহাসড়কের দুই প্রান্তে অন্তত ৭ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন বলেন, শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে। 

“আমরা দুপক্ষের সঙ্গেই আলোচনা করছি। আশা করছি শিঘ্রই সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে।”