ঝিনাইদহে কৃষকের গলা কাটা লাশ মিলল মাঠে
সকাল কেটে রাখা ঘাস আনতে মাঠে গিয়েছিলেন কৃষক।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক কৃষককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার সন্ধ্যায় উপজেলার শাহাপুর ঘিঘাটি গ্রামের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির আবিদুর রহমান।
নিহত আলমগীর হোসেন (৪০) ওই গ্রামের আনোয়ার হোসেন আনুর ছেলে।
স্বজনদের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার জানান, সকালে আলমগীর মাঠে ঘাস কাটতে যান। বিকালে সেই কাটা ঘাস আনতে গিয়ে তিনি আর ফিরে আসেন না।
খোঁজাখুঁজি করে না পেয়ে গ্রামের বাজারের একটি চায়ের দোকানের সামনে গিয়ে কান্নাকাটি শুরু করেন তার পরিবারের সদস্যরা। তখন স্থানীয়রা তার খোঁজে মাঠে গিয়ে কৃষকের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন তারা।
পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
পুলিশের এই কমকর্তা আরও বলেন, নিহতের দেহে আরও কোপের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ব্যক্তিগত শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে।
