২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হলফনামা: সারজিসের হাতে আছে ৩ লাখ টাকা, নেই বাড়ি-গাড়ি

পঞ্চগড়-১ আসন থেকে ভোটে অংশ নিতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন এনসিপির এ নেতা।

হলফনামা: সারজিসের হাতে আছে ৩ লাখ টাকা, নেই বাড়ি-গাড়ি
সোমবার পঞ্চগড় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2025, 10:17 PM

Updated : 26 Aug 2026, 05:28 PM

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বার্ষিক আয় নয় লাখ টাকা; যার মধ্যে তার হতে আছে মাত্র তিন লাখ টাকা। এ ছাড়া তার কোনো বাড়ি ও গাড়ি নেই বলে জানিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে পঞ্চগড়-১ আসন থেকে ভোটে অংশ নিতে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য দিয়েছেন তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় নিজের সম্পদ ও আয়ের বিস্তারিত বিবরণ দেন সারজিস আলম।

হলফনামার তথ্য অনুযায়ী, সারজিস আলমের হাতে নগদ অর্থ আছে তিন লাখ ১১ হাজার ১২৮ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা অর্থের পরিমাণ এক লাখ টাকা। দান পাওয়া কৃষি জমির পরিমাণ ১৬ দশমিক ৫০ শতাংশ। অর্জনের সময় যার মূল্য ছিল সাত হাজার ৫০০ টাকা; যা বর্তমানে হয়েছে আনুমানিক পাঁচ লাখ টাকা।

ব্যবসা থেকে তার বছরে আয় নয় লাখ টাকা। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি স্নাতকোত্তর (মাস্টার্স) উল্লেখ করেছেন।

সারজিস আলমের নামে একটি মামলা রয়েছে; যা বর্তমানে তদন্তাধীন। তার নামে কোনো বন্ড, ঋণপত্র বা স্টক এক্সচেঞ্জভুক্ত শেয়ার নেই। তার আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ৭৫ হাজার টাকা এবং ইলেকট্রনিক সামগ্রীর মূল্য ধরা হয়েছে ৭৫ হাজার টাকা। তার নামে কোনো আগ্নেয়াস্ত্র নেই। এ ছাড়া তার নামে কোনও বাড়ি, অ্যাপার্টমেন্ট বা ভবনও নেই।

২০২৫-২০২৬ অর্থবছরের আয়কর রিটার্নে সারজিস আলম তার মোট আয় দেখিয়েছেন ২৮ লাখ পাঁচ হাজার টাকা। এ ছাড়া তার মোট সম্পদের মূল্য ৩৩ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকা। আর এ খাতে ৫২ হাজার ৫০০ টাকা আয়কর পরিশোধ করেছেন তিনি।

পঞ্চগড়-১ আসনটি সদর উপজেলা, তেতুলিয়া উপজেলা ও আটোয়ারী উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৬৩ হাজার ৭০০ জন।