সুনামগঞ্জে স্রোতে ভেসে যাওয়া মায়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ সন্তান
“রওনা দেওয়ার পরই তার ছেলে ছিটকে নদীতে পড়ে যায়। এ সময় তাকে ধরতে গিয়ে অপর সন্তানসহ তিনিও নদীতে পড়ে যান।”
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ডুবন্ত সড়ক পার হবার সময় দারাইন নদীর স্রোতে ভেসে যাওয়া মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ তার দুই সন্তান।
মঙ্গলবার বেলা ১১টার দিকে মাউশিবাধের পাশ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব।
নিহত দুর্লভ রানী দাস উপজেলার বিলপুর গ্রামের রতীন্দ্র দাসের স্ত্রী। এখনো নিখোঁজ তার মেয়ে জবা রানী (৭) ও ছেলে বিজয় দাস (৫)।
সোমবার রাত সাড়ে ৭টায় দুর্লভ রানী সন্তানদের নিয়ে শাল্লা সরকারি কলেজ সংলগ্ন সেতুর নিচে বাহাড়া ডুবন্ত রাস্তা পাড়ি দিয়ে গুঙ্গিয়ারগাও বাজারে যাওয়ার পথে স্রোতে ভেসে যান।
ঘটনার প্রত্যক্ষদর্শী ডুমরা গ্রামের সুব্রত দাস জানান, সন্ধ্যায় এক নারী দুই সন্তান নিয়ে গুঙ্গিয়ারগাঁও বাজারের দিকে রওনা দেন। তখন বাহাড়া-গুঙ্গিয়ারগাঁও ডুবন্ত সড়কের কালভার্ট উপচে দারাইন নদীতে পানি ঢুকছিল।
“এ অবস্থার মধ্যে হন্য হয়ে ওই নারী শাল্লা কলেজ সংলগ্ন মূল সড়কে আসার চেষ্টা করেন। আমি মানা করলেও তিনি শোনেননি। রওনা দেওয়ার পরই তার ছেলে ছিটকে নদীতে পড়ে যায়।
“এ সময় ছেলেকে ধরতে গিয়ে অপর সন্তানসহ তিনিও নদীতে পড়ে যান। মুহূর্তেই তীব্র স্রোতে তারা হারিয়ে যান। পরে আমি প্রশাসনকে বিষয়টি অবগত করি।”
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব বলেন, “একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে এসেছিলাম। ”
তিনি জানান, রাত থেকে সকাল পর্যন্ত তাদের উদ্ধারে অভিযান চালায় পুলিশ, প্রশাসন ও স্থানীয়রা। পরে সকাল ১০টা থেকে তাদের সঙ্গে যোগ দেয় সুনামগঞ্জ থেকে আসা ডুবুরি দল।
আরও পড়ুন
