অন্তর্বর্তী সরকার শিক্ষা সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি: হাফিজ উদ্দিন
“আওয়ামী লীগ ভারতের পদানত হয়ে তাদের স্বার্থ রক্ষা করেছে।”
অন্তর্বর্তী সরকার গত দেড় বছরে শিক্ষা ব্যবস্থা সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন ভোলা-৩ আসনে বিএনপির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকার গত দেড় বছরে নানা বিষয়ে সংস্কারের উদ্যোগ নিলেও শিক্ষা ব্যবস্থার সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি।
“নির্বাচনের পর একটি সুশিক্ষিত সরকার গঠিত হবে। নির্বাচিত সেই সরকার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করবে।”
বুধবার সকালে ভোলার লালমোহন উপজেলার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মানোন্নয়নে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে এসব কথা বলেন তিনি।
বিগত সরকারের সমালোচনা করে হাফিজ উদ্দিন বলেন, “আওয়ামী লীগের ১৬ বছর ছিল দুঃস্বপ্নের সময়। আওয়ামী লীগ ভারতের পদানত হয়ে তাদের স্বার্থ রক্ষা করেছে।
“বর্তমানে ভারতে বসে আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করছে। তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। আগামী নির্বাচনের মাধ্যমে তাদের সেই ষড়যন্ত্রের জবাব দিতে হবে।”
লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, সাবেক-যুগ্ম আহ্বায়ক মো. মোশররফ হোসেন মতিনসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
