২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্বশুরবাড়ি যাওয়ার পথে সড়কে গেল যুবকের প্রাণ

নেত্রকোণায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরও তিন যাত্রী আহত হয়েছেন বলে জানায় পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2024, 04:45 PM

Updated : 26 Aug 2026, 09:53 AM

নেত্রকোণা সদর উপজেলায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে প্রাণ গেছে এক যুবকের; এতে আহত হয়েছেন আরও তিন যাত্রী।

শুক্রবার সকালে নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কে উপজেলার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নেত্রকোণা সদর থানার ওসি আবুল কালাম।

নিহত সুজন বর্মণ (৩৫) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা গ্রামের বরেন্দ্র চন্দ্র বর্মনের ছেলে। তিনি মোহনগঞ্জ উপজেলায় ভগ্নিপতির স্বর্ণের দোকানে কারিগরের কাজ করতেন।

আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি আবুল কালাম বলেন, সকালে স্ত্রীকে নিয়ে সুজন অটোরিকশায় করে মোহনগঞ্জ থেকে কিশোরগঞ্জে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথে সোয়া ১১টার দিকে অটোরিকশাটি একটি ট্রাককে অতিক্রম করতে যায়। এ সময় ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি সড়কের পাশে উল্টে যায়। 

এতে অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন সুজন। তার সঙ্গে অটোরিকশার আরও তিন যাত্রী আহত হন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন; বাকিরা সেখানে চিকিৎসাধীন বলে জানান ওসি।

খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি আবুল কালাম।