২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউএনও প্রত্যাহার

জেলা প্রশাসক বলেন, বিভাগীয় কমিশনারের সঙ্গে কথা বলে ইউএনওকে প্রত্যাহার করা হয়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2024, 11:09 PM

Updated : 26 Aug 2026, 10:25 AM

টাঙ্গাইলে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। 

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম সাংবাদিকদের বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের সঙ্গে কথা বলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন মোহাম্মদ আলীর প্রত্যাহার করা হয়। পরবর্তীতে সিদ্ধান্ত জনপ্রশাসন মন্ত্রণালয় নেবে।” 

শিক্ষার্থীরা জানায়, বৃহস্পতিবার সকালে সদর উপজেলা মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদানের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে শিক্ষার্থী হত্যা মামলার আসামি সদর উপজেলার করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান মজনু বক্তব্য দেন। 

উপজেলা পরিষদের পক্ষ থেকে আয়োজিত সেই অনুষ্ঠানে ইউএনও হাসান বিন মোহাম্মদ আলীর সভাপতিত্বে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। 

মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যা মামলার আসামির বক্তব্য দেওয়ায় ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। তারপরই তারা ইউএনরকে প্রত্যাহারের দাবিতে সোচ্চার হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, চেয়ারম্যান মজনু বক্তব্য দেওয়ার পর শিক্ষার্থীরা হলরুমের বাইরে গিয়ে ইউএনও পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে। তখন জেলা প্রশাসক গিয়ে তাদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবিতে অনঢ় থাকেন। 

পরে জেলা প্রশাসক ঘটনাস্থল ত্যাগ করলে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। 

পরে জেলা প্রশাসক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন। তার কিছুক্ষণ পরেই ইউএনওর প্রত্যাহারের কথা জানান জেলা প্রশাসক। 

পরে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ইউএনও হাসান বিন মোহাম্মদ আলী সবার সামনে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।

বিক্ষোভকারী এক শিক্ষার্থী বলেন, “খুনিদের সঙ্গে শিক্ষার্থীদের এক মঞ্চে অনুষ্ঠানের আয়োজন কোনোভাবেই কাম্য নয়। যারা এ ধরনের আয়োজন করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছি। সেই দাবির পরিপ্রেক্ষিতে ইউএনওকে প্রত্যাহার করা হয়েছে।”