মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি, চারটি খোসা উদ্ধার
প্রত্যক্ষদর্শীরা বলছেন, মুকুল হোসেনের বুকে ও পিঠে পাঁচটি গুলি করা হয়েছে।
মেহেরপুরের গাংনী উপজেলায় এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ওই এলাকা থেকে চারটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ভোর ৫টার দিকে কাথুলি সড়কের সাহারবাটি ও ভাটপাড়ার মাঝামাঝি কাশেম মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানিয়েছেন।
গুলিবিদ্ধ ৫৫ বছর বয়সী মুকুল হোসেন সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক। তার বাবার নাম নেক মহাম্মদ হোসেন।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মুকুলের চিকিৎসা চলছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, মুকুল হোসেনের বুকে ও পিঠে পাঁচটি গুলি করা হয়েছে। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে।
সাহারবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি বাশিরুল আজিজ হাসান বলছেন, “প্রতিদিনের মত মুকুল হোসেন হাঁটাহাঁটি করার জন্য ভোরে বাড়ি থেকে বের হন। সাহারবাটি বাঙ্গালপাড়ার কাশেমের মোড় এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা কে বা কারা তাকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে।
“এ সময় চার রাউন্ড গুলি তার বুকে, পিঠে ও হাতে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।”
কাশেমের মোড় এলাকার বাসিন্দা সরফুদ্দিন বিশ্বাস বলেন, “নামাজ শেষে ওই সড়কেই হাঁটাহাটি করছিলাম। এ সময় গুলির শব্দ শুনে আমিসহ আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে মুকুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।”
গাংনী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ওমর ফারুক বলেন, “মুকুল হোসেনের বুকে ও পিঠে পাঁচটি গুলির ক্ষত রয়েছে। তারপরও তিনি হালকা হালকা কথা বলতে পারছেন। এই কারণে ধারণা করা হচ্ছে, উন্নত চিকিৎসা পেলে মৃত্যুর আশঙ্কা কাটিয়ে উঠতে পারবেন।”
মুকুল হোসেনের ওপর এর আগেও দুই দফায় বোমা হামলা চালানো হয়েছিল। এছাড়া মুকুলের নামে অস্ত্র ও বিস্ফোরক আইনে কয়েকটি মামলা চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আধিপত্য বিস্তার অর্থনৈতিক লেনদেন অথবা রাজনৈতিক পূর্ব শত্রুতার জের ধরে তার ওপর হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা তাদের।
ওসি উত্তম কুমার বলছেন, ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান দিপু বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলমান চলছে। ঘটনার কারণ উদঘাটনের জন্য কাজ করছে পুলিশ।”
