Published : 13 May 2023, 01:17 PM
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের একটি ইটভাটায় নিজ সন্তানের সামনে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। পরে স্বামীকে আটকে পুলিশে সোপর্দ করেছে ভাটার শ্রমিকরা।
শনিবার ভোরে উপজেলার ধরন্তি এলাকায় দি নিউ আশা ব্রিক ফিল্ডে এই ঘটনা ঘটে বলে জানান সরাইল থানার আসলাম হোসাইন।
নিহত নয়ন তারা (৩৫) কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার তিনঘুড়িয়া এলাকার চাঁন মোস্তাফার স্ত্রী৷ দি নিউ আশা ব্রিক ফিল্ডে শ্রমিকের কাজ করতেন মোস্তফা। একমাত্র কন্যা তাজিনকে (১০) নিয়ে এ দম্পতি ইটভাটার শ্রমিকদের ছাউনি ঘরে বসবাস করেন।
ওসি আসলাম হোসাইন জানান, শুক্রবার রাতে পারিবারিক কলহ নিয়ে চাঁন মোস্তফা ও তার স্ত্রী নয়ন তারার মধ্যে বাকবিতণ্ডা হয়। এতে ঘুম থেকে জেগে যায় তাদের মেয়ে তাজিন।
“বাকবিতণ্ডার এক পর্যায়ে সন্তানের সামনেই চাঁন মোস্তফা দা দিয়ে তার স্ত্রীকে কোপাতে থাকেন। এই অবস্থায় তাজিন ঘর থেকে দৌড়ে বের হয়ে পাশে ঘরগুলোর শ্রমিকদের জেগে তুলে ঘটনাটি জানায়। ”
শ্রমিকরা সেখানে গিয়ে নয়ন তারার রক্তাক্ত নিথর দেহ মেঝেতে পড়ে আছে দেখতে পেয়ে চাঁন মোস্তফাকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে ইটভাটার শ্রমিকরা।
ওসি আরও জানান, পুলিশ গিয়ে নারীর মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।