চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ভাসছিল ২ লাশ, ‘বিএসএফের পিটুনিতে’ মৃত্যু দাবি
তারা পদ্মায় মাছ ধরার পাশাপাশি সীমান্তে চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে ভাষ্য এক ইউপি সদস্যের।
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। চোরাচালানের উদ্দেশে ভারতে যাওয়া পথে বিএসএফের নির্যাতনে তাদের মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের।
শনিবার বিকাল ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বাতাসি মোড় এলাকার নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানান শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া।
মৃতরা হলেন- উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হঠাৎপাড়া গ্রামের প্রয়াত গোলাম মর্তুজার ছেলে মো. সেলিম রেজা (২৫) এবং একই এলাকার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪৫)।
স্থানীয়দের বরাতে ইউপি সদস্য মো. সমির উদ্দীন বলেন, শফিকুল ও সেলিম পদ্মায় মাছ ধরার পাশাপাশি সীমান্তে চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। বৃহস্পতিবার রাতে তারা নদীপথে ভারতে অনুপ্রবেশ করেন। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন।
ফেরার পথে বিএসএফের হাতে আটকের পর নির্যাতনে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে তাদের লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়। তাদের শরীরে নির্যাতনের চিহ্ন দেখা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, সীমান্ত পিলার ৪/২-এস থেকে আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় মৃতদেহ দুটি উদ্ধার হয়েছে। স্থানীয়রা তাদের শনাক্ত করেছেন।
তিনি বলেন, বিষয়টি শিবগঞ্জ থানা-পুলিশকে জানানো হলে তারা মৃতদেহ দুটি নিয়ে যায়। তবে এ বিষয়ে মৃত ব্যক্তিদের পরিবার বিজিবির সঙ্গে কোনো যোগাযোগ করেননি।
ময়নাতদন্তের জন্য দুজনের মৃতদেহ নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে; তবে তারা কীভাবে মারা গেছে তা এখনি বলা সম্ভব নয় বলে জানান ওসি গোলাম কিবরিয়া।
