২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্থিরতায় ডিম কিনছেন না মাদারীপুরের আড়তদাররা

“এখন বাজারে সব ধরনের শাক-সবজির দাম চড়া। ফলে চাপ পড়েছে ডিমের ওপর।”

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2024, 07:01 PM

Updated : 10 Sep 2026, 12:20 PM

সরকার নির্ধারিত দামে কেনাবেচা করে লোকসান গোনার ভয়ে তিন দিন ধরে ডিম সংগ্রহ করা বন্ধ রেখেছেন মাদারীপুরের আড়তদাররা। 

বুধবার থেকে মাদারীপুরের আড়তদাররা দেশের কোথাও খামারিদের কাছ থেকে ডিম সংগ্রহ করতে যায়নি। এ পরিস্থিতিতে একদিকে সরকারের বেঁধে দেওয়া দামে ডিম কিনতে না পেরে হতাশায় ভুগছেন তারা। অন্যদিকে বাজারে ডিমের আড়ত বন্ধ থাকায় ডিম না পেয়ে ভোগান্তিতে পরেছেন খুচরা ব্যবসায়ী ও ক্রেতারা।

ব্যবসায়ীরা বলছেন, বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত ডিম সংগ্রহ বন্ধ থাকবে। কারণ সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে ‘বেশি দামে’ ডিম ক্রয় করতে হচ্ছে। আবার সরকার নির্ধারিত দামে বিক্রি করলে লোকসান গুনতে হবে। এই অবস্থা থাকলে ডিম ব্যবসা আর থাকবে না।

মাদারীপুর পুরান বাজারের ডিম ব্যবসায়ী মো. সহিদুল ইসলাম বলেন, “প্রাণিসম্পদ মন্ত্রণালয় সরকারিভাবে একটা দাম বেঁধে দিয়েছে। কিন্তু আমরা সেই নির্ধারিত দামে ডিম কিনতে পারছি না। এই পরিস্থিতিতে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা গাড়ি বন্ধ করে রেখেছি।

“কিন্তু এভাবে কতদিন? ডিম কেনা-বেচা করাই আমাদের পেশা। প্রান্তিক পর্যায়ে ডিমের যে দাম, তাতে ডিম ক্রয় করলে আমাদের অনেক লোকসান গুনতে হবে। আমরা পথে বসে যাব।”

অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তর ১৫ সেপ্টেম্বর থেকে ডিমের ‘ন্যায্যমূল্য’ ঠিক করে দেয়।

তারা খামারি পর্যায়ে প্রতিটি ডিমের দাম ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারিতে ১১ টাকা ১ পয়সা এবং খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করে দেয়।

তবে বাস্তবতা ভিন্ন বলছেন মাদারীপুরের ব্যবসায়ীরা। তারা জানান, পাবনা, বরিশাল, পিরোজপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারি দরে ডিম সংগ্রহ করে জেলার ডিমের আড়তগুলোতে বিক্রি করেন।

তাদের দাবি, খামারিদের কাছ থেকে পাইকারি দরে প্রতিটি ডিমের দাম পড়ছে ১২ টাকার বেশি। তার সঙ্গে পরিবহন খরচ যোগ করতে হচ্ছে।

এতে খামারিদের কাছ থেকে এক ট্রাক ডিম মাদারীপুরের আড়তে আনতে প্রতিটির দাম পড়ে প্রায় ১৩ টাকা। ফলে সরকারের নির্ধারিত দামে ডিম কেনাবেচা যাচ্ছে না।

পুরান বাজারের ডিমের আড়তদার জামাল জয় বলেন, “ডিমের চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি রয়েছে। এ ছাড়া এখন বাজারে সব ধরনের শাক-সবজির দাম চড়া। ফলে চাপ পড়েছে ডিমের ওপর। আমরা দুই দিন ধরে ডিম ক্রয় করে আড়তে আনতে পারছি না।”

বাদামতলা এলাকার মুদি দোকানি শুভ বণিক বলেন, “আড়তে কয়েকদিন ধরে ডিম পাওয়া যাচ্ছে না। এতে ভোক্তাদের কাছে ডিম বিক্রি করতে পারছি না। অল্প কিছু পেলেও আগের চেয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।”

মাদারীপুর জেলার ডাসার উপজেলার সীমান্তবর্তী কোটালীপাড়া খামারি মানিক মধু বলেন, “আমার খামারে ডিম পাড়া অন্তত ৫০০ মুরগি আছে। মুরগির খাবারের দাম কয়েক মাসে অনেক বৃদ্ধি পেয়েছে। তাই আমাদের ডিমের উৎপাদন খরচও বেড়ে গেছে।

“একটি মুরগি মাসে ১০ থেকে ২০টি ডিমের বেশি দেয় না। তাই ডিমের দাম প্রতিটি সাড়ে ১২ টাকা বিক্রি করলেও আমাদের হিমশিম খেতে হচ্ছে। ডিমের দাম এভাবে কমে গেলে খামারই বন্ধ করে দিতে হতে পারে।”

এদিকে ভোক্তারা বলছেন, ছোট ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সিন্ডিকেট করে যারা বাজারে অস্থিরতা তৈরি করছে তাদের আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। অন্যথায় বাজার আরও অস্থির হয়ে উঠবে।

শহরের বটতলা এলাকার অঞ্জন মণ্ডল বলেন, “আমার বাসার পাশের দোকানে ডিম পাওয়া যাচ্ছে খুব কম। দামও বেশি। তাই বাজারের পাইকারি দোকান থেকে ডিম কিনতে এসেছি। কিন্তু এখানে এসেও দেখছি ডিম পাওয়া যাচ্ছে না। যা পাওয়া যাচ্ছে তাতে অনেক দাম।”

এ ব্যাপারে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুবোধ কুমার দাস জানান, সরকার ডিমের দাম বেঁধে দেওয়ার পরেও বাজারে ডিম ছাড়ছেন না খামারিরা। তারা বলছে, তাদের এই দামে পোষাচ্ছে না। তাই তারা বাজারজাত করছেন না।

তিনি বলেন, “সারাদেশে ডিম ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট রয়েছে। যার ফলে এমনটা হচ্ছে। তবে এ ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছি। দুই-একদিনের মধ্যেই এর সমাধান হয়ে যাবে।”

এ বিষয়ে মাদারীপুর জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার জানিয়েছেন, মাদারীপুরে ডিমের বাজার স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।