১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় তিন নদীর পানি বাড়ছে, একটির কমেছে

জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, জেলায় এখনও বন্যা না হলেও আশঙ্কা রয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2024, 02:20 PM

Updated : 26 Aug 2026, 09:49 AM

নেত্রকোণায় টানা বৃষ্টি আর উজানের ঢলে গত ২৪ ঘণ্টায় উব্ধাখালি, কংশ ও ধনু নদীর পানি বেড়েছে। তবে সোমেশ্বরীর পানি কিছুটা কমেছে।

এর মধ্যে উব্ধাখালি নদীর পানি বেড়ে কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে করে বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় তা মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।

বুধবার সকাল ৯টা নাগাদ উব্ধাখালি নদীর পানি বাড়ার কথা জানিয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান বলেন, কংশ নদের পানিও জারিয়া পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি মাত্র ৩ সেন্টিমিটার নীচ দিয়ে বইছে। 

এ ছাড়া জেলার হাওরাঞ্চলের মাঝ দিয়ে বয়ে যাওয়া ধনু নদের পানি খালিয়াজুরী পয়েন্টে বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আর সোমেশ্বরীর পানি কমে দুর্গাপুর পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ৫০ মিটার এবং বিজয়পুর পয়েন্টে ২ দশমিক ৯৯ মিটার নীচ দিয়ে বইছে।

জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, জেলায় এখনও বন্যা না হলেও আশঙ্কা রয়েছে। তা মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। 

সকালে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা থেকে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি সবাইকে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।