গাজীপুরে কারখানায় কর্মরস্থ অবস্থায় অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু
চিকিৎসক হিট স্টোকে মৃত্যুর ধারণা করলেও কারখানা কর্তৃপক্ষ বলছে, ওই শ্রমিক যেখানে কর্মরত ছিলেন সে জায়গাটা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের আওতাধীন।
গাজীপুরের বাঘের বাজার এলাকায় একটি শীতবস্ত্র তৈরির কারখানায় কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার মধ্যাহ্ন বিরতির পর বাঘের বাজার এলাকায় জেএল ফ্যাশন লিমিটেডের উৎপাদন শাখায় এ ঘটনা ঘটে বলে কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের মহা ব্যবস্থাপক সাঈদ শিকদার জানান।
মারা যাওয়া টিটন মিয়া নেত্রকোনা জেলা সদর উপজেলার লক্ষ্মীপুর (দলপা রামপুর) গ্রামের মানিক মিয়ার ছেলে। তিনি ওই কারখানার ফিনিশিং শাখার সাধারণ অপারেটর (পেকার) পদে চার বছর ধরে কাজ করছিলেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মী শ্রমিকরা কারখানার অ্যাসেম্বলি পয়েন্টে জড়ো হন। যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ বিকাল ৫টার দিকে কারখানাটি ছুটি ঘোষণা করে।
এ কারখানার বিভিন্ন সেকশনে ২ হাজার ৭৫০ জন শ্রমিক-কর্মচারী কাজ করেন।
নিহত শ্রমিকের সহকর্মীরা জানান, মধ্যাহ্ন বিরতির পর টিটন মিয়া সেকশনে এসে কাজে যোগ দেন। হঠাৎ তার বুকে ব্যথা অনুভব হলে সহকর্মীরা তাকে কারখানার মেডিকেল সেন্টারে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য মাওনা চৌরাস্তা আল-হেরা হাসপাতালে পাঠান।
ওই হাসপাতাল থেকে তাকে পাঠানো হয় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করে বিকাল ৫টায় মৃত ঘোষণা করেন।
অসুস্থ শ্রমিকের মৃত্যুতে কারখানা কর্তৃপক্ষের গাফিলতি ও অবহেলাকে দায়ী করছেন তার সহকর্মীরা।
ঘটনার পর শ্রমিকেরা কারখানার বাইরে কিছুক্ষণ নিহত শ্রমিকের সব পাওনা ও ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন।
পরে কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক সাঈদ শিকদার শ্রম আইন অনুযায়ী সব পাওনা পরিশোধের আশ্বাস দিলে তারা শান্ত হন।
পরে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় নিহত শ্রমিকের লাশ বিনা ময়নাতদন্তে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইদা ইমরোজ বলেন, “অতিরিক্ত গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে শ্রমিক টিটন মিয়ার মৃত্যু হয়ে থাকতে পারে।”
তবে কারখানা কর্তৃপক্ষ বলছে, টিটন যেখানে কাজ করছিলেন সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র লাগানো আছে।
জেএল ফ্যাশন লিমিটেড পোশাক কারখানার অপারেশন সেকশনের মহাব্যবস্থাপক দুশান্তা কুমার বলেন, “টিটন মিয়া নামে ওই প্যাকিং ম্যান লাঞ্চ করে কারখানায় প্রবেশ করেন। আমি তার সহকর্মীদের সাথে কথা বলেছি। তারা বলেছে, হঠাৎ টিটন মিয়ার বুকে ব্যথা উঠে।
“পরে সে তার সহকর্মীদের সঙ্গে নিয়ে কারখানার মেডিকেল সেন্টারে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে গ্যাস্ট্রিকের ওষুধ দেন।”
“চিকিৎসক বললেন, ওষুধ খাওয়ার পরে সে বলল, ভালো আছে। ১০ মিনিট পর আবার বুকে ব্যথার কথা জানালে কারখানার মেডিকেল সেন্টারের চিকিৎসক তাকে তার স্বজনদের খবর দিতে বলেন।”
দুশান্তা কুমার বলেন, “অফিস থেকে বাড়িতে যোগাযোগ করার আগেই টিটন মিয়ার স্বজনেরা কারখানায় চলে আসেন। ততক্ষণে তার ব্যথা আরো বেড়ে গেলে চিকিৎসক তাকে মাওনা চৌরাস্তা আল হেরা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখান থেকে তাকে পাঠানো হয় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করে বিকাল ৫টায় মৃত ঘোষণা করেন।”
তিনি আরো বলেন, “কারখানার পক্ষ থেকে নিহত শ্রমিকের পরিবারকে ৫ লাখ টাকা দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে এবং তার পরিবারের কোনো সদস্য যদি এ কারখানায় চাকরি করতে ইচ্ছুক হন তাহলে তাকে নেওয়া হবে। তাছাড়া শ্রম আইন অনুযায়ী তার সকল পাওনা পরিশোধ করা হবে।”
জেএল ফ্যাশন লিমিটেড পোশাক কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক সাঈদ শিকদার বলেন, কর্তৃপক্ষের গাফিলতি ও অবহেলার বিষয়ে শ্রমিকেরা যে অভিযোগ করছেন তা সঠিক নয়। প্যাকিং ম্যান টিটন মিয়া অসুস্থতাবোধ করার সঙ্গে সঙ্গেই কারখানার ব্যবস্থাপনায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।“
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক আব্দুল লতিফ খান বলেন, “শ্রমিক মৃত্যুর খবর পেয়ে সহকর্মীরা উত্তেজিত হলে কারখানা কর্তৃপক্ষ নিহত শ্রমিকের সব ক্ষতিপূরণের আশ্বাস দিলে তারা শান্ত হন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানায় পুলিশ মোতায়েন রয়েছে।”
একই কথা বলেছেন জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম।
