২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে যুবদল নেতাকে পিটিয়ে হত্যা, পরিবারের দাবি ‘পরিকল্পিত’

স্থানীয়দের অভিযোগ, ওই গুচ্ছগ্রামে `ডাকাতি করতে’ এসে তিনি গণপিটুনির শিকার হয়েছেন।

ফরিদপুরে যুবদল নেতাকে পিটিয়ে হত্যা, পরিবারের দাবি ‘পরিকল্পিত’
মিরান খান।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2025, 05:27 PM

Updated : 10 Sep 2026, 12:31 PM

ফরিদপুর সদরের পদ্মা নদীর চরের গুচ্ছগ্রামে এক যুবদল নেতাকে পিটিয়ে ও চোখ উপড়ে হত্যা করা হয়েছে। 

স্থানীয়দের অভিযোগ, ওই গুচ্ছগ্রামে `ডাকাতি করতে’ এসে তিনি গণপিটুনির শিকার হয়েছেন। তবে নিহতের পরিবারের দাবি আধিপত্য বিস্তার ও মাছ ব্যবসা নিয়ে দ্বন্দ্বে তাকে ‘পরিকল্পিতভাবে’ হত্যা করা হয়েছে।   

বৃহস্পতিবার রাত ১২টার দিকে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের পদ্মা নদীর চর ডাঙ্গীগ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান। 

নিহত ৩৮ বছর বয়সী মিরান খান আলিয়াবাদ ইউনিয়নের পূর্ব সাদীপুর সেতু এলাকার জালাল খানের ছেলে। মিরান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

তিনি পদ্মার চরের বালু, মাছ ও ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। দুই কন্যা সন্তানের বাবা মিরানের স্ত্রী নয় মাসের অন্তঃসত্ত্বা। 

স্থানীয়দের অভিযোগ, মিরান ডাকাতি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি ওই গুচ্ছগ্রামে ডাকাতি করতে এসেছিলেন। ঘটনাস্থল থেকে একটি এয়ারগান ও একটি ছ্যান‌দা উদ্ধারের কথা জানিয়েছে তারা। 

ওই এলাকার বাসিন্দা মনি শিকদার বলেন, “রাতে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশকে খবর দেওয়া হয়। তবে কুয়াশার কারণে রাত্রে পুলিশ ঘটনাস্থলে আসেনি। তবে ভোরের দিকে মিরান খানের আত্মীয়-স্বজন এসে আহত অবস্থায় তাকে নিয়ে গেছে।”

তবে মিরানের ছোট ভাই ইরান খান বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিন মাস আগে মাছ ধরা নিয়ে ওই ইউনিয়নের ও প্রভাবশালী এক ব্যক্তির সঙ্গে আমার ভাইয়ের দ্বন্দ্ব হয়। সে সময় থানায় জিডি করেছিলাম। তারাই আমার ভাইকে হত্যা করেছে।”

ইরান আরও বলেন, “যেখানে আমার ভাইকে হত্যা করা হয়েছে সেখানে আমাদের একটি ঘর আছে। কোনো কারণে রাতে ভাই সেখানে গিয়েছিলেন। 

“ডাকাতির যে কথা বলছে তা মিথ্যা। আমার ভাই ব্যবসা করত, আমরা যথেষ্ট সচ্ছল। আর যেই গ্রামে ডাকাতির কথা বলছে সেটি একটি গুচ্ছ গ্রাম। সবাই অতিদরিদ্র, কারো ঘরে দুই হাজার টাকাও পাওয়া যাবে না।” 

ইরানের দাবি, “মূলত প্রভাব বিস্তার ও মাছ ব্যবসা নিয়ে আমার ভাইয়ের সঙ্গে প্রভাবশালীদের দ্বন্দ্ব চলে আসছিল। তার জের ধরে পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “রাত ১২টার দিকে আমরা খবর পাই আমার ভাইকে মারা হচ্ছে কিন্তু অনেক চেষ্টা করেও নদীর ওপার যেতে পারিনি। কারণ ঘাটে কোনো নৌকা রাখেনি তারা। 

“এমনকি ভোরে গিয়ে আমার ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার সময়ও তারা বাধা দেয়।”

ফরিদপুর মেডিকেল কলেজের ওয়ার্ড মাস্টার ফায়েকুজ্জামান বলেন, “শুক্রবার ভোর ছয়টার দিকে মিরান খাঁকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।”

ওসি আসাদউজ্জামান বলেন, “এলাকাবাসীর পিটুনিতে এক ব্যক্তি আহত হয়। তাকে মেডিকেল হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের পরে মৃত্যু হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”