২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে খুলেছে তৈরি পোশাক কারখানা, নিরাপত্তা জোরদার

সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি জরুরি প্রয়োজনে বিজিবি বেসামরিক প্রশাসনকেও সহায়তা করে থাকে বলে জানান বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2024, 12:56 PM

Updated : 26 Aug 2026, 10:02 AM

সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি সদস্যরা জরুরি প্রয়োজনে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সবসময় নিজেদের প্রস্তুত রাখেন বলে জানিয়েছেন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম।

বুধবার গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

নাশকতা নির্মূলে সেনাবাহিনীর সঙ্গে বিজিবি, র‌্যাব, পুলিশসহ সকল বাহিনীর সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন জানিয়ে রফিকুল ইসলাম বলেন, “গত কয়েকদিন ধরে দেশের সংঘটিত নাশকতা, অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা আমরা সকলে মিলে নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। 

“তৈরি পোশাক কারখানার মালিকরা কারখানা খুলে দিয়েছেন। শ্রমিকরা যাতে নির্ভয়ে কারখানায় কাজে যেতে পারেন এবং এর ভেতরে যাতে কোনো দুষ্কৃতকারী পরিকল্পনা করে আবার কোন নাশকতা না করতে পারে, সে ব্যাপারে আমরা তৎপর রয়েছি।” 

গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

এ সময় গাজীপুর জেলা প্রশাসনের জ্যেষ্ঠ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোনাবাড়ী জোন) মো. আমির হোসেনসহ বিজিবি ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ১৬ জুলাই সারা দেশে কোথাও কোথাও আন্দোলনকারী এবং সরকার দলীয় সংগঠন ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। সহিংসতা ছড়িয়ে পড়ায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা সংস্কারের বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করার পরামর্শ দিয়ে তিনি বলেন, সহিংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে।

পরে রাত পৌনে ৮টার দিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে খুনের দায়ে জড়িতদের বিচার ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের দাবিতে বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন' কর্মসূচি ঘোষণা আসে আন্দোলনকারীদের পক্ষে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘শাটডাউন' কর্মসূচির প্রথম দিন সারাদেশে হতাহতের ঘটনা ঘটে। ওই দিন মধ্যরাতে থেকে বন্ধ হয়েছে যায় সব ধরনের ইন্টারনেট সেবা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার রাত ১২টা থেকে সারাদেশে কারফিউ ঘোষণা করে সরকার। মোতায়েন করা হয় সেনাবাহিনী।