২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বিএনপির জন্য কতটা বিপদ জামায়াত-স্বতন্ত্র

প্রার্থীরা বিজয়ের ব্যাপারে আশাবাদী হলেও আসলে এখানে আওয়ামী লীগের সাধারণ ভোটাররা বিজয়ের ‘ট্রাম্প কার্ড’ হয়ে উঠেতে পারেন।

নরসিংদীতে বিএনপির জন্য কতটা বিপদ জামায়াত-স্বতন্ত্র
পলাশ উপজেলা নিয়ে গঠিত নরসিংদী-২ আসনে বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

বিডিনিউজ২৪

আসাদুজ্জামান রিপন. নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2026, 10:22 AM

Updated : 26 Aug 2026, 02:50 PM

দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের ‘হাতের মুঠোয়’ থাকা ঢাকার উপকণ্ঠের এই শিল্পসমৃদ্ধ জেলায় প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী কতোটা প্রতিরোধ গড়ে তুলতে পারবেন তার উপর নির্ভর করছে জেলার পাঁচটি আসনে বিএনপির নির্বাচনি ফলাফল।   

পাঁচটি আসনে নির্বাচনি প্রচারে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের ৪৩ জন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। 

ভোটারদের মধ্যে একটি ধারণা আছে, প্রার্থীরা বিজয়ের ব্যাপারে আশাবাদী হলেও আসলে এখানে আওয়ামী লীগের সাধারণ ভোটাররা বিজয়ের ‘ট্রাম্প কার্ড’ হয়ে উঠতে পারেন। তাই স্বতন্ত্রসহ সব দলের প্রার্থীরাই এসব ভোটারদের টানার চেষ্টা করছেন। দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি।  

নরসিংদীতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন, অবকাঠামো উন্নয়ন ও চরাঞ্চলে যুগ যুগ ধরে চলমান সহিংসতা বন্ধ করাসহ নানা প্রতিশ্রুতি বাস্তবায়ন করার কথা বলছেন প্রার্থীরা। 

এক গ্রামের তিন প্রার্থী

সদর উপজেলা নিয়ে গঠিত নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী দলের যুগ্ম মহাসচিব ও জেলা কমিটির সভাপতি ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন। এখানে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. ইব্রাহিম ভুইয়া। 

নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী দলের যুগ্ম মহাসচিব ও জেলা কমিটির সভাপতি ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন।

নরসিংদী-১ আসনে বিএনপির প্রার্থী দলের যুগ্ম মহাসচিব ও জেলা কমিটির সভাপতি ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন।

এ দুই প্রার্থীই সদর উপজেলার চিনিশপুর গ্রামের বাসিন্দা। একই গ্রাম হতে প্রার্থী রয়েছেন গণঅধিকার পরিষদের অ্যাডভোকেট শিরিন আক্তারও।

এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হতে পারেন বিএনপির খায়রুল কবির খোকন।

স্থানীয়রা বলছেন, সদর আসনে জামায়াতের দৃশ্যত ভোট কম থাকলেও দলটির কর্মীরা শতভাগ দলীয় ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার সক্ষমতা রাখেন। এ ছাড়া টানতে পারেন অন্যান্য দলসহ সাধারণ ভোটারদেরও। 

তবে আওয়ামী লীগের ভোট জামায়াতেই দিকে যাওয়ার সম্ভাবনা কম। সেটি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সুবিধা দিতে পারে। 

অপরদিকে বিএনপির তৃণমূলের কর্মীরা মনে করছেন, দলে অপ্রকাশিত কোন্দল ও মান-অভিমান আছে। যেগুলো বিগত দিনে বিভিন্ন সময়ে দেখা গেছে। হামলা-মামলা-খুন-খারাপি কোনো কিছুই বাদ যায়নি। সেসব ভুলে দলীয় শতভাগ ভোট কেন্দ্রে না নিতে পারলে বিপদ ঘটতে পারে। পাল্টে যেতে পারে ভোটের হিসাব। ফলে বিএনপি প্রার্থীর সতর্ক থাকার কোনো বিকল্প নেই।   

জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইব্রাহিম ভুইয়া বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকায় ঘুরে জনগণের সমস্যা-সম্ভাবনা জানার চেষ্টা করেছি। স্থায়ীভাবে এখানে বসবাসের কারণে জনগণের চাওয়া-পাওয়া সম্পর্কে আমার জানা আছে।

নরসিংদী-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. ইব্রাহিম ভুইয়া। 

নরসিংদী-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. ইব্রাহিম ভুইয়া।

“এরই মধ্যে ১৫টি সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছি। সুষ্ঠু ভোট হলে এলাকার সার্বিক উন্নয়ন বাস্তবায়নে আমাকে জনগণ বিজয়ী করবে বলে আমি আশাবাদী।” 

বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন বলেন, “এই জেলা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এখানকার পাঁচটি আসনেই অতীতে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়ে ব্যাপক উন্নয়ন করেছেন। এবারও সবকটি আসনে বিএনপি বিজয়ী হয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন। এক কথায়, বিএনপি নরসিংদীতে অপ্রতিদ্বন্দ্বী।”

নবীনে-প্রবীণে লড়াই 

পলাশ উপজেলা নিয়ে গঠিত নরসীংদী-২ আসনে বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি দীর্ঘ সময় ধরে এই আসনে প্রতিনিধিত্ব করেছেন, মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। 

এখানে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন নতুন দল এনসিপির যুগ্ম আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের প্রার্থী তরুণ গোলাম সারেয়ার (তুষার)। 

প্রার্থী হিসেবে নতুন হলেও এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজীসহ অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সংগঠিত করেছেন তুষার। তিনি বলছেন, মানুষ পরিবর্তন চায়। প্রচারে তিনি ভাল সাড়া পাচ্ছেন।  

তবে ১১ দলীয় জোটের একটি অংশ মনে করেন, এখানে দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর নেতা আমজাদ হোসেন মাঠ গুছিয়েছেন। তিনি টানা গণসংযোগ করেছেন। তারা বেশ গ্রহণযোগ্যতাও ছিল। তিনি জোটের প্রার্থী হলে হয়ত আর ভাল প্রতিদ্বন্দ্বিতা হতে পারত। 

এনসিপি নেতারা মনে করেন, নির্বাচনের প্রচারে জামায়াতে ইসলাম তাদের সর্বশক্তি নিয়েই মাঠে থাকবেন।   

অপরদিকে বিএনপি নেতাকর্মীরা তাদের প্রার্থী আব্দুল মঈন খানের শতভাগ জয়ের সম্ভাবনা দেখছেন।

দলটির পলাশ উপজেলা কমিটির সভাপতি আব্দুস সাত্তার বলেন, “মঈন খান একজন রাজনৈতিক পরিবারের শিক্ষিত সন্তান। তার বাবা সাবেক খাদ্যমন্ত্রী প্রয়াত মোমেন খান ছিলেন নরসিংদী উন্নয়নের রূপকার। এ ধারাবাহিকতায় মঈন খানও সাবেক মন্ত্রী ও তিন বারের সংসদ সদস্য  ছিলেন। 

“ক্ষমতায় থাকাকালে তিনি পলাশ উপজেলার ব্যাপক উন্নয়ন করেছেন, মানুষ সেসব ভুলে যায়নি। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আমরা তাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে কাজ করছি।” 

মান্নান ভূঁইয়া এখনও প্রাসঙ্গিক

শিবপুর উপজেলা নিয়ে গঠিত নরসিংদী-৩ আসনে বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার বাড়ি। তিনি এখান থেকে বার বার নির্বাচিত হয়েছেন। দলের বাইরেও তার ব্যাপক প্রভাব ও সমর্থকগোষ্ঠী রয়েছে। 

মৃত্যুর দীর্ঘ সময় পরেও এখানে এখনও যেকোনো নির্বাচনে মান্নান ভূঁইয়া প্রাসঙ্গিক বলে মনে করেন তার সমর্থকরা।   

মান্নান ভুইয়ার ‘রাজনৈতিক শিষ্য’ সাবেক উপজেলা চেয়ারম্যান ও বেশ কয়েকবারের ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন।

স্বতন্ত্র আরিফুল, বিএনপি প্রার্থী জেলা কমিটির সাধারণ সম্পাদক মনজুর এলাহীকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছেন বলে দলটির একটি অংশ মনে করে। আর মনজুর এলাহী সদর উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান। 

ফলে তিনি ‘বাইরে থেকে’ এসেছেন এমনটাও মনে করছেন কিছু ভোটার। যার সুবিধা আরিফুলের ঝুলি ভরাতে পারে। ফলে মনজুর এলাহীকে খুব সতর্ক থাকতে হচ্ছে। 

যদিও প্রধান দুই প্রতিদ্বন্দ্বী নিজেদের বিজয়ের ব্যাপারে নিশ্চিত বলে জানাচ্ছেন।  

স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্যসচিব আরিফ উল ইসলাম মৃধা বলেন, “আব্দুল মান্নান ভূঁইয়ার রাজনৈতিক শিষ্য হিসেবে তার আদর্শের রাজনীতে বিশ্বাসী। আমি টানা একাধিকবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলাম। একবারের উপজেলা চেয়ারম্যান ছিলাম। আমি একদিনের জন্যও শিবপুরের মা-মাটিকে ছেড়ে যাইনি। দল-মত নির্বিশেষে সবার বিপদ-আপদে পাশে থেকেছি। শিবপুরের মানুষ আমাকে ভালবাসেন, তাদের ইচ্ছাতেই আমি প্রার্থী হয়েছি এবং আমি বিজয়ী হব ইনশাল্লাহ।”

বিএনপি প্রার্থী মনজুর এলাহী বলেন, “শিবপুরের মানুষ আমাকে ভালবাসে বলেই বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করবে ইনশাল্লাহ। দলের নেতাকর্মীদের জেল-জুলুমে, দুঃসময়ে আমি পাশে ছিলাম। তারাও আমার পাশে আছেন। ভবিষ্যতেও এলাকার সার্বিক উন্নয়নে পাশে থাকব, সে বিশ্বাস থেকেই আমাকে বিজয়ী করবে বলে আমি বিশ্বাস করি।” 

উপজেলা-সমীকরণ

মনোহরদী ও বেলাব উপজেলা নিয়ে গঠিত নরসিংদী-৪ আসনটি মূলত কৃষি অধ্যুষিত। এখানে নব্বই পরবর্তী সময়ে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীরাই বিজয়ী হয়েছেন। 

এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল। তাকে চ্যালেঞ্জে ফেলতে চাচ্ছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো. জাহাঙ্গীর আলম।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, মনোহরদী উপজেলায় জামায়াতের বেশ ভাল অবস্থান রয়েছে। অপরদিকে বেলাব বিএনপির এক ধরনের ঘাঁটি।  

বিএনপি নেতারা মনে করেন, বেলাব ও মনোহরদীতে তাদের প্রার্থী একচেটিয়া ভোট পেয়ে পাশ করবেন।  

এখানে আওয়ামী লীগের সাধারণ ভোটারদের টানতে এলাকার নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপির প্রার্থী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমসহ সরাসরি এলাকায় গিয়ে ভোটারদের সমস্যা ও সম্ভাবনার কথা শোনছেন। এসব বিষয় অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের কথা বলছেন। 

চরের ভোট ‘ফ্যাক্টর’

রায়পুরা উপজেলা নিয়ে গঠিত নরসিংদী-৫ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর চ্যালেঞ্জের মুখে পড়েছেন বিএনপির আশরাফ উদ্দিন বকুল। 

বৃহৎ এ উপজেলায় তিনি নিজ দলের ‘বিদ্রোহী’ জামাল আহমেদ চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী শিক্ষক পনির হোসেনকে মোকাবিলা করবেন বলে ভোটারদের ধারণা। এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন তারা। 

স্থানীয় রাজনীতি পর্যবেক্ষকদের মতে, এখানে দুজন প্রার্থী আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা করবেন। যে প্রার্থী ভোট টানতে পারবেন পাল্লা তার দিকেই ভারী হবে। এ ছাড়া এই আসনে ব্যাপক সংখ্যক চরের ভোট রয়েছে। সেই ভোটও কজ্বা করতে হবে বিজয়ী হতে হলে। 

অর্থাৎ আওয়ামী লীগে ভোট এবং চরের ভোট এখানে নির্বাচনের হিসাব পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। 

বিএনপির অনেক নেতাকর্মী গোপনে দলের ‘বিদ্রোহী’ প্রার্থীর হয়ে কাজ করছেন বলে গুঞ্জন রয়েছে নির্বাচনি মাঠে। 

রায়পুরা উপজেলা বিএনপির একজন নেতা বলছিলেন, নরসিংদীর পাঁচটি আসনের মধ্যে হয়ত এই আসনটি ব্যাপারেই শতভাগ সঠিক কিছু বলা যাবে না। এখানে যেকোনো কিছু ঘটতে পারে। কারণ, স্বতন্ত্র দুজন প্রার্থীর ব্যক্তি ইমেজ আছে।

“তারপরও দিন শেষে দল ও ধানের শীষ প্রতীক একটা ফ্যাক্টর। বিএনপি নেতাকর্মীরা যদি তাদের ভোটারদের কেন্দ্রে নিতে পারেন এবং নিজেদের ঝুঁড়িতে ভোটটা টানতে পারেন তাহলে হয়ত ভাল ফল মিলবে। নাহলে ঝুঁকি থেকেই যাবে।”