Published : 29 Jun 2026, 12:09 AM
লাথি মেরে মায়ের দাঁত ভেঙে ফেলার অভিযোগ উঠেছে সাতক্ষীরার শ্যামনগরের এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে।
শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) পিয়ার উদ্দীন বলেন, বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি গ্রামের ৭২ বছর বয়সি আনোয়ারা বেগমের অভিযোগের ভিত্তিতে মাদ্রাসা শিক্ষক মনিরুল ইসলামকে রোববার সন্ধ্যার পর থেকে গ্রেপ্তার করা হয়।
মনিরুল বুড়িগোয়ালিনী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
আনোয়ারা বেগমের ছোট ছেলে আফতাবুজ্জামান বলেন, একই বাড়িতে বসবাসের কারণে দীর্ঘদিন ধরেই তাদের মা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছিলেন। শুক্রবার তুচ্ছ একটি পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মনিরুল ইসলাম মায়ের মুখে লাথি মারলে তার একটি দাঁত ভেঙে যায়।
পরিবারের সদস্যরা আনোয়ারা বেগমকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রোববার তিনি ছেলে মনিরুল ও পুত্রবধূ ফেরদৌসি ইসলাম ঝর্ণার বিরুদ্ধে শ্যামনগর থানায় অভিযোগ করেন।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার আব্দুল্লাহ আল-মামুন বলেন, তিনি ঘটনাটি শুনেছেন।
শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) পিয়ার উদ্দীন বলেন, মনিরুল ইসলামকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।