২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি: গাজীপুরে ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে ফেল এল কৃষিতে

ধর্ম বিষয়ে পাস করলেও গত বছরে কৃতকার্য হওয়া কৃষিতে এবার ফেল দেখানো হয়েছে।

এসএসসি: গাজীপুরে ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে ফেল এল কৃষিতে
গাজীপুরের কালিয়াকৈরের গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2025, 09:16 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

এসএসসি ও সমমানের পরীক্ষায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার এক শিক্ষার্থী শুধুমাত্র ধর্ম বিষয়ে অংশ নিয়ে উত্তীর্ণ হলেও এবার তাকে কৃষিতে অকৃতকার্য দেখানো হয়েছে। অথচ গত বছর ওই শিক্ষার্থী কৃষিতে ‘এ’ গ্রেড পায়।

ভুক্তভোগী শিশির চন্দ্র মনিদাস উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিল্ডিং মেইনটেন্যান্স ট্রেডে চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

শিশির গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ধর্ম বিষয়ে অকৃতকার্য হওয়ায় এবার সেই পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়েছে।

পরীক্ষার ফলাফলে দেখা গেছে, শিশির চন্দ্র মনিদাস ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ধর্ম বিষয়ে অকৃতকার্য হয়। চলতি বছর সে ধর্ম বিষয়ে পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশ হলে দেখা যায়, সে ধর্ম বিষয়ে পাস করলেও গত বছরে কৃতকার্য হওয়া কৃষিতে এবার ফেল দেখানো হয়েছে।

শিশির বলে, “আমি গত বছর একটি সমস্যার কারণে ধর্মে ফেল করেছিলাম। এ কারণে চলতি বছর আবার পরীক্ষা দেই। তবে ফল ঘোষণার দিন দেখি, আমি ধর্মে ঠিকই পাস করেছি, কিন্তু কৃষিতে ফেল এসেছে। আমি এখন কীভাবে কী করব বুঝতে পারছি না।”

কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন বলেন, বিষয়টি জানার পর ওই শিক্ষার্থীর কাগজপত্র নিয়ে বোর্ডে যোগাযোগ করা হয়েছে। 

শিগগিরই তার ফল সংশোধন হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।