২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে ‘মসজিদ কমিটির বিরোধ’ থেকে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের

সন্ধ্যায় কমিটি গঠন নিয়ে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে জানায় পুলিশ।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2024, 12:20 AM

Updated : 10 Sep 2026, 12:23 PM

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ‘মসজিদ কমিটি নিয়ে বিরোধের’ জেরে দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না-তাজপুর রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান জগন্নাথপুর থানার ওসি মুখলেছুর রহমান আকন্দ।

নিহত সুজাত উল্লাহ (৮০) ওই গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে গুরুতর ১৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম-পরিচয় যাওয়া যায়নি।

ওসি মুখলেছুর রহমান জানান, রসুলপুর গ্রামে মসজিদের দ্বিতীয়তলা নির্মাণ ও কমিটি নিয়ে সুজাত মিয়ার সঙ্গে আব্দুল কায়ছারের পূর্ববিরোধ চলছিল। সন্ধ্যায় মসজিদ কমিটি গঠন নিয়ে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

সংঘর্ষে সুজাত উল্লাহ মারা যান। এতে উভয়পক্ষের অন্তত ৩৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৃজনা সরকার জানান, আহত বৃদ্ধকে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান। গুরুতর আহত ১৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়েছেন।

ওসি মুখলেছুর রহমান বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।