২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে পুড়ল ৮ দোকান, অর্ধকোটি টাকা ক্ষতির দাবি

ইউএনও বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ২ লাখ ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2024, 11:33 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আগুনে আটটি দোকানঘর পুড়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার ভোররাতে উপজেলার চাঁনপুর বাগান বাসস্ট্যান্ড রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার জানান। 

আগুনে মুদি দোকান, টং দোকান, গ্যাস সিলিন্ডারের দোকান, পেট্রোলের দোকান, ওয়ার্কশপ পুড়ে গেছে। 

ক্ষতিগ্রস্ত দোকানিরা বলেন, চাঁনপুরে বাজারে প্রথমে একটি দোকান থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। পরে সড়কের পাশে পেট্রোলের দোকানে আগুন লেগে চারদিকে ছড়িয়ে যায়। 

ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয়রা। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চুনারুঘাটের ইউএনও আয়েশা আক্তার, চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম।  

ইউএনও আয়েশা আক্তার বলেন, দুর্ঘটনায় প্রাণহানি ঘটেনি। ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়ন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ২ লাখ ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।