‘কমপ্লিট শাটডাউন’: বাংলাবান্ধায় দেড়শ ট্রাক আটকা, পাথর নামছে না
কাজকর্ম না থাকায় রোববারও বন্দরের ব্যবসায়ী, শ্রমিক, ভিনদেশী ট্রাক চালকসহ সংশ্লিষ্টরা অবসর সময় পার করেছেন।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ এবং এনবিআর সংস্কারের দাবিতে দ্বিতীয় দিনের মত পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে।
কাজকর্ম না থাকায় রোববারও বন্দরের ব্যবসায়ী, শ্রমিক, ভিনদেশী ট্রাক চালকসহ সংশ্লিষ্টরা অবসর সময় পার করেছেন।
সকাল থেকে বন্দরের কাস্টমস কার্যালয় খোলা থাকলেও কোনো কর্মকর্তাকে দেখা যায়নি। তবে স্বাভাবিক ছিল দুই দেশের যাত্রী পারাপার।
কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ভুটান থেকে আমদানি হওয়া ১৫১টি পাথর বোঝাই ট্রাক কাস্টমসের ক্লিয়ারেন্স ও ছাড়পত্র না পাওয়ায় বন্দরের ইয়ার্ডে আটকা পড়ে আছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, “এনবিআরের কর্মসূচি চলমান থাকায় বাংলাবান্ধা স্থলবন্দরে দুপুর পর্যন্ত কোনো আমদানি-রপ্তানি হয়নি। শনিবার আসা ১৫১টি ট্রাক আটকে আছে।
“শুনেছি, বিকালের মধ্যেই সমস্যার সমাধান হওয়ার কথা রয়েছে। আশা করি, সমস্যা সমাধান হয়ে গেলে সোমবার থেকে আবারও কার্যক্রম স্বাভাবিক হবে এবং আটকে থাকা গাড়িগুলো ফেরত যেতে পারবে।”
বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার ইসাহাক বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন হচ্ছে। সব কর্মকর্তা অফিসে আছেন।
কর্মবিরতিতে সরকারের রাজস্ব ঘাটতির বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি শুল্ক স্টেশনের এই কর্মকর্তা।
ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা বলছেন, পণ্যের শুল্কায়ন বন্ধ থাকায় তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
বাংলাবান্ধা স্থলবন্দরটি বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে পণ্য বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট হিসেবে বিবেচিত।
