২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ শহরে জেলা বিএনপির ৩ কার্যালয়, কর্মীরা বিভ্রান্ত

সরকার পতনের পর তিন নেতা তিনটি কার্যালয় খুলে নিজস্ব অনুসারীদের নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিাচলনা করছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2024, 01:30 PM

Updated : 26 Aug 2026, 11:12 AM

গোপালগঞ্জ জেলা শহরে বিএনপির দুটি পক্ষের আলাদা কার্যালয় নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে আরো একটি কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। দলের সাধারণ কর্মীরা এ নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়েছেন। 

৫ অগাস্ট সরকার পতনের পর জেলা বিএনপির সাবেক সাভাপতি এম এইচ খান মঞ্জু শহরের লঞ্চঘাট এলাকায় তার বাসভবনে জেলা বিএনপির কার্যালয়ের একটি সাইনবোর্ড টাঙ্গান। তিনি সেখান থেকেই তার অনুসারীদের নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন। 

এর কয়েকদিন বাদে ১৩ ডিসেম্বর শহরের গেইটপাড়ায় একটি টিনের ঘরে কার্যালয় উদ্বোধন করে সেখানে দলীয় সাইনবোর্ড টানিয়ে দেন জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ।

সবশেষ ২২ ডিসেম্বর শহরের বড় বাজারের পৌর সুপার মার্কেটের নতুন ভবনের দ্বিতীয় তলায় বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করেন দলের জেলা কমিটির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান।

এই কার্যালয় উদ্বোধন করে নেতারা বলেছেন, এটিই বিএনপির মূল কার্যালয়। সবাইকে এখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান তারা। 

দলটির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের ‘ঘাঁটি’ গোপালগঞ্জে বিএনপির প্রভাব সীমিত। তারপরও দলের প্রভাবশালী নেতাদের কয়েকজন নিজস্ব বলয় তৈরি করেছেন। তাদের নিজস্ব অনুসারীও আছে। গত প্রায় দেড় দশক দলের কার্যক্রমে ভাটা থাকলেও সরকার পতনের পর অনেক নেতাকর্মীই সক্রিয় হয়ে ওঠেছেন।   

সবশেষ ২০১৯ সালে গোপালগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ছয় বছর ধরে সেই কমিটি দিয়েই চলছে জেলার বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড। 

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর পরই গোপালগঞ্জের বিএনপির নেতাকর্মীরা নিজেদের গুটিয়ে নেন। তবে সরকার পতনের পর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, বিএনপির সহআইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ্, জেলা কমিটির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সভাপতি এফ ই শরফু্জামান জাহাঙ্গীর নিজেদের কর্মী-সমর্থকদের নিয়ে সক্রিয় হয়ে ওঠেন। 

এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা বলেন, “যারা অফিস খুলে বসেছেন এগুলো তাদের ব্যক্তিগত। কোনো ভাবেই বিএনপির কার্যালয় নয়। তারা বিএনপিতে জায়গা নিতে অফিসের নামে দ্বিধা-বিভক্তি সৃষ্টি করতে চাচ্ছেন। সবশেষ শহরের বড় বাজারের পৌর সুপার মার্কেটের যে অফিসের উদ্বোধন হয়েছে, এটাই বিএনপির মূল কার্যালয়।” 

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, “কোনো অফিস করতে হলে দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ তৃণমূলের নেতাকর্মীদের থাকতে হবে। কিন্তু ওই দুটি অফিসে কোনো নেতাকর্মী যায় না। জেলা বিএনপির আহ্বায়ক যে অফিস উদ্বোধন করেছেন এটাই বিএনপির মূল অফিস। কেউ ব্যক্তিগত অফিস খুলে বসলে সেটাকে বিএনপির কার্যালয় বলার কোনো সুযোগ নেই।”

তাই নেতাকর্মীদের দ্বিধায় না থেকে এই কার্যালয়ে আসার আহ্বান জানান তিনি।

দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভক্তির ব্যাপারে জানতে চাইলে তৌফিক বলেন, “গোপালগঞ্জে কোনো গ্রুপিং বা কোন্দল নেই। এখানে আহ্বায়ক কমিটি রয়েছে। এ কমিটির নির্দেশনায় রাজনৈতিক কর্মকাণ্ড চলছে। কেউ যদি বলে থাকে তিনি একটি গ্রুপ পরিচালনা করছে তবে সেটা ভুল।”

জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, “দলের সুবিধা নিতে ও আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসিত করতেই বিএনপির ব্যানার ব্যবহার করে এম এইচ খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজ ব্যক্তিগত অফিস খুলে জেলা কার্যালয় বলে দাবি করছেন। এটা ঠিক নয়। 

“জেলা বিএনপির নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। এখন থেকে এটাই জেলা বিএনপির মূল অফিস। বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সব অঙ্গসংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড এখান থেকে পরিচালিত হবে।”

তবে জেলা বিএনপি সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “আমি বিগত দুইবার বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলাম। জেলা বিএনপির সভাপতিও ছিলাম। তবে বর্তমান আহ্বায়ক কমিটি আমার পছন্দ হয়নি, যার কারণে আমি ওই কমিটি নিয়ে অনাস্থা দিয়েছি। তবে পদত্যাগ করিনি।” 

মামলা-হামলার কারণে বিগত কয়েক বছর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেননি জানিয়ে সিরাজ বলেন, “২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গোপালগঞ্জে জেলা বিএনপির কোনো কার্যালয় রাখা সম্ভব হয়নি। ১৬ বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছে। 

“আমার কার্যালয় উদ্বোধনের মাধ্যমে গোপালগঞ্জে বিএনপির দলীয় কর্মকাণ্ড আরো বেগবান হয়েছে। আগামী দিনে আবারো আমি সভাপতি হব। এটি দলের হাইকমান্ড থেকে আমাকে আশ্বস্ত করা হয়েছে। তখন আর এ অফিস নিয়ে কোনো বিতর্ক থাকবে না।” 

তবে এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।