২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের দুজন নিহত

ঢাকা-সিলেট মহাসড়কে চৈতাব এলাকায় ড্রিম হলিডে পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2024, 12:20 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

নরসিংদী সদর উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন। 

শনিবার ভোর সাড়ে ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার চৈতাব এলাকায় ড্রিম হলিডে পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. ইলিয়াছ জানান। 

নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আশরাফ আলীর ছেলে মাইক্রোবাসের চালক আব্দুস সালাম (৪৩) এবং চট্টগ্রামের শিক্ষার্থী ও সংগীত শিল্পী পিয়াল হোসেন (২৩)।

আহতদের মধ্যে আকিব (২৪) নামে একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে এবং অজ্ঞাত দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি ইলিয়াছ জানান, মাইক্রোবাসটি ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সালাম ও পিয়াল ঘটনাস্থলেই মারা যান। 

তিনি বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি ভুলতা এলাকা থেকে জব্দ করা হয়েছে।