বাণিজ্যিক ফুল চাষের জনক গদখালির শের আলীর জীবনাবসান
বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রায় তিন বছর ধরে শয্যাশায়ী ছিলেন তিনি।
দেশে বাণিজ্যিক ফুল চাষের জনক শের আলী সরদার মারা গেছেন।
বুধবার ভোর সাড়ে ৫টার পর যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালির পানিসারা গ্রামের নিজ বাড়িতে শের আলী মারা যান বলে তার অন্যতম সতীর্থ যশোর ফুল চাষি ও ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আব্দুর রহিম জানিয়েছেন।
সত্তরোর্ধ্ব এ কৃষক বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রায় তিন বছর ধরে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
আব্দুর রহিম বলেন, “চার দশক আগে ঝিকরগাছার পানিসারায় ১০ কাঠা জমিতে গাঁদা ফুল দিয়ে আবাদ শুরু করছিলেন শের আলী। এরপর রজনীগন্ধা, তারপর জারবেরা। এভাবে নতুন নতুন ফুলের আবাদের পথ প্রদর্শক কৃষক শের আলী হয়ে ওঠেন এলাকায় বাণিজ্যিক ফুল চাষের অনুকরণীয় দৃষ্টান্ত।”
এরপর কৃষকের সংখ্যা ও ফুল আবাদি জমির পরিমাণ বাড়তে বাড়তে যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা, নাভারণ ও গদখালী ইউনিয়ন ফুলের রাজ্য হয়ে ওঠে বলে জানান তিনি।
