২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালুয়াঘাটে পুলিশকে কোপানোর ঘটনায় যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার লিয়ন (২৮) হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিনের ছেলে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2026, 04:40 PM

Updated : 26 Aug 2026, 02:46 PM

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় চেকপোস্টে তল্লাশির সময় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।  

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, শুক্রবার দুপুরে হালুয়াঘাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার লিয়ন (২৮) হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিনের ছেলে।

মামলার বরাতে পুলিশ জানায়, ভোররাত সাড়ে ৩টার দিকে হালুয়াঘাট পৌর বাজার শুটকি মহল রোডের পাগলপাড়া ব্রিজ এলাকায় এএসআই নওয়াব আলীর নেতৃত্বে পুলিশ সদস্যরা নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিলেন।

এ সময় একটি নম্বরবিহীন মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। চালক লিয়ন পুলিশের সঙ্গে তর্কে লিপ্ত হন এবং বাবার পরিচয়ে পুলিশকে হুমকি দেন। 

তার অসদাচরণের বিষয়টি পুলিশ সদস্যরা বাসায় গিয়ে তার বাবাকে অবহিত করেন। ফিরে আসার সময় লিয়ন ধারালো রামদা নিয়ে তাদের উপর অতর্কিত হামলা করেন। 

এ সময় লিয়ন কনস্টেবল মো. ইজাউল হক ভূঁইয়াকে (এজাজ) লক্ষ্য করে পিছন থেকে কোপ দেন। এতে তার পিঠে গভীর ক্ষত সৃষ্টি হয়।

আহত কনস্টেবলকে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, লিয়নের বাবাকেও থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। ঘটনাস্থল থেকে লিয়নের মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।