১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোলার মেঘনায় ডাকাতের গুলিতে জেলে নিহত, আহত ৩

জেলেরা ট্রলার নিয়ে মাছ ধরতে গেলে সন্ধ্যায় ডাকাতরা হামলা চালায়।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2025, 11:53 PM

Updated : 26 Aug 2026, 11:43 AM

মেঘনা নদীর ভোলা সদর উপজেলায় ডাকাতের গুলিতে এক জেলে নিহত; তিনজন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় ৭টার দিকে নদীর ভোলার ভাংতির খাল পয়েন্টে এ ঘটনা ঘটে বলে এসপি মোহাম্মদ শরীফুল হক জানান। 

নিহত মো. হাসান (৩২) পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামের সরোয়াদ্দির ছেলে। এ ঘটনায় আহতরা হলেন- ভোলা সদরের বাগার হাওলা এলাকার আব্বাস মাঝি, কাঞ্চন ও সোহেল। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার বিকালে আব্বাস মাঝির ট্রলারে করে ভোলার মেঘনায় মাছ ধরতে যান কয়েকজন জেলে। সন্ধ্যায় একদল লোক ওই ট্রলারে ডাকাতির চেষ্টা চালায়। 

জেলেরা বাধা দিতে চাইলে তাদের ওপর গুলি চালায় ডাকাতরা। এতে মো. হাসান নিহত ও তিনজন গুলিবিদ্ধ হন।

পরে ট্রলারে থাকা অন্যরা হাসানের লাশসহ ট্রলারটি তীরে নিয়ে এলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে।

খবর পেয়ে থানা ও নৌ পুলিশ এবং কোস্ট গার্ডের তিনটি দল ঘটনাস্থল যায় বলে ভোলা নৌপুলিশের ইনচার্জ মো. শাহিন জানান।

ভোলা সদর মডেল থানার ওসি মো. হাসনাইন পারভেজ বলেন, “এ বিষয়ে এখনি কিছু বলা সম্ভব নয়। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে নেওয়ার কার্যক্রম চলছে।”

এসপি মোহাম্মদ শরীফুল হক বলেন, “আহতদের কাছ থেকে মূল ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”